২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরের গুলিবিদ্ধ স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু

লক্ষ্মীপুরে গুলিবিদ্ধ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ মহসীন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2012, 02:01 PM

Updated : 24 Aug 2022, 11:38 AM

লক্ষ্মীপুর, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লক্ষ্মীপুরে গুলিবিদ্ধ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ মহসীন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার সকালে ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে মহসীনের মৃত্যু হয় বলে জানায় তার পরিবার ও পুলিশ। এরপরই বিকালে লক্ষ্মীপুর শহরে হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ করে দলীয় নেতাকর্মীরা। গত ১৮ জুন সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়ন বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে প্রতিপক্ষের গুলিতে আহত হন মহসীন। প্রাথমিকভাবে তাকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। এ ঘটনায় মহসীনের স্ত্রী তাছলিমা আক্তার বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের ২০ নেতাকর্মীকে আসামি করে একটি মামলা করেন। মামলায় অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে প্রতিপক্ষ জিসান বাহিনীর লোকজন মহসীনকে গুলি করে বলে অভিযোগ করা হয়। মহসীনের বড় ভাই সহিদ উল্লাহ স্বপন হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি জানান। এ ব্যাপারে সদর থানার ওসি গোলাম ছরোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনার পর পরই মামলার আসামি চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল কালাম মুন্সিকে গ্রেপ্তার করা হয়। বাকী আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। আগে দায়ের করা মামলাটিই হত্যা মামলা হিসাবে নথিভুক্ত করা হবে বলে জানান ওসি। এদিকে মহসীনের উপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে বৃহস্পতিবার বিকেলে জেলা শহরে স্বেচ্ছাসেবক দল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। এসময় বক্তব্য রাখেন সংগঠনের জেলা আহ্বায়ক মাজহারুল ইসলাম ও যুগ্ম-আহবায়ক মহসিন কবীর স্বপন প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/১৯৫৮ ঘ.