ঢাকা বিশ্ববিদ্যালয়, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা মহনগর শাখার ৩৫তম সম্মেলনের উদ্বোধন হয়েছে।
বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে দুই দিনের এই সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ফেরদৌস আহমেদ উজ্জ্বল।
উদ্বোধনী বক্তব্যে শিক্ষার বাণিজীকীকরণের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার জন্য ছাত্রদের প্রতি আহবান জানান তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক ও প্রাবন্ধিক কামাল লোহানী বলেন, রাজনৈতিক প্রভাব ও দলীয়করণের কারণে বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বচন বন্ধ রয়েছে।
অতীতে জাতীয় রাজনীতিতে ছাত্র আন্দোলনের ভূমিকা তুলে ধরে তিনি বলেনে, “বর্তমানে ছাত্র সংসদ নির্বাচন না হওয়ায় বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্রনেতারা সঠিকভাবে ভূমিকা রাখতে পারছেন না।”
বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন না হওয়ায় শিক্ষার্থীরা অধিকার হারাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
ছাত্র ইউনিয়ন ঢাকা মহানগর শাখার সভাপতি মো. ইব্রাহিমের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক জি এম জিলানী শুভর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম শুভ, ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক মঞ্জুর মঈন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি পিনাক রায় পিন্টু, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রাশেদুল ইসলাম সুজন প্রমুখ বক্তব্য দেন।
১৯৫২ সালের ভাষা আন্দোলনের মধ্য দিয়ে পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন নামে এ ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। এরপর ১৯৬৯ এর গণঅভ্যুত্থান, একাত্তরের মুক্তিযুদ্ধ ও নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন ও ছাত্র অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/১৮৪২ ঘ.
bdnews24