২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ব্যক্তিস্বার্থে’ সাজানো অভিযান, র‌্যাবে উদ্বেগ

জমি সংক্রান্ত বিরোধে এক ব্যাংকারের পক্ষ নিয়ে ‘শায়েস্তা করার জন্য’ মাত্র ১০টি ইয়াবা দিয়ে ফাঁসানো হয় সাভারের এক জমি ব্যবসায়ীকে। আবু সুফিয়ানের অনুসন্ধান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2012, 12:23 PM

Updated : 24 Aug 2022, 11:38 AM

আবু সুফিয়ান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাজানো অভিযানে সদস্যদের জড়িয়ে পড়ার ঘটনায় উদ্বিগ্ন খোদ র‌্যাব। উদ্ভূত পরিস্থিতিতে এ ধরনের অভিযান পরিচালনা থেকে বিরত থাকতে একটি অভ্যন্তরীণ নির্দেশনামাও জারি করেছে বাহিনীটি। র‌্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল আহসান স্বাক্ষরিত তিন পাতার ওই নির্দেশনামায় নিরপরাধকে মাদক ও অবৈধ অস্ত্র দিয়ে ফাঁসিয়ে দেওয়ার উদ্দেশ্যে অভিযান পরিচালনার কয়েকটি ঘটনা তুলে ধরা হয়। এরই মধ্যে এসব ঘটনার বেশ কয়েকটি সাজানো বলে অভিযোগ রয়েছে, র‌্যাবের তদন্তেও মিলেছে এর প্রমাণ। র‌্যাব সদরদপ্তর থেকে জারি করা ওই অভ্যন্তরীণ সতর্কীকরণ নির্দেশনামার একটি অনুলিপি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের হাতে এসেছে। এতে বলা হয়েছে, ইতিপূর্বে ইয়াবা দিয়ে ব্যবসায়ীকে ফাঁসিয়ে দেওয়াসহ আরো কয়েকটি সাজানো অভিযান পরিচালনা করতে গিয়ে বিভিন্ন সময়ে ‘বেসামরিক পরিমণ্ডলে’ র‌্যাবের সুনাম ক্ষুণœ হয়েছে। ইয়াবা দিয়ে ব্যবসায়ীকে ফাঁসিয়ে দেওয়ার ঘটনাকে সাজানো বর্ণিত নির্দেশনামায় বলা হয়েছে, “জমি সংক্রান্ত বিরোধে ব্যাংকারের পক্ষ নিয়ে ‘শায়েস্তা করার জন্য’ মাত্র ১০টি ইয়াবা দিয়ে ফাঁসিয়ে দেওয়া হয় সাভারের জমি ব্যবসায়ী এনামুল হককে। ইয়াবাসহ তাকে গ্রেপ্তারের ঘটনাটি সাজিয়ে অভিযানটি পরিচালনা করেন র‌্যাব-৪ সাভার ক্যাম্পের অধিনায়ক ক্যাপ্টেন এবিএম জাহিদুল করিম। এ অভিযান পরিচালনার জন্য ‘টেলিফোনে মৌখিক অনুমতি’ দেওয়ার প্রমাণ পাওয়া গেছে র‌্যাব-৪ এর অধিনায়কের বিরুদ্ধে।” সে সময় র‌্যাব সদর দপ্তরের তাৎক্ষণিক হস্তক্ষেপে পুলিশের কাছে দেওয়ার আগেই ওইদিন বিকাল ৫টার দিকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয় ব্যবসায়ী এনামুলকে। অনুসন্ধানে জানা যায়, সোনালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) পদে কর্মরত এক ব্যক্তি উচ্চপদস্থ এক কর্মকর্তার সুপারিশ নিয়ে সাভার র‌্যাব ক্যাম্পে যান। তিনি এনামুল হক ওরফে আখের আলীর বিরুদ্ধে জমি সংক্রান্ত প্রতারণার অভিযোগ করেন। সুপারিশকারী সেই উচ্চপদস্থ কর্মকর্তা ফোনে ক্যাম্প কমান্ডারকে ‘বিষয়টি দেখার জন্য’ অনুরোধ করেছিলেন বলে জানা গেছে। অবশ্য অভিযান পরিচালনার আগে ব্যাটালিয়ন অধিনায়ককে অবগত করেছিলেন বলে দাবি করেন সাভার ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন এবিএম জাহিদুল করিম। নথিপত্র অনুযায়ী, সাভার থানার সিআরপি রোড ৬৪/৪ ডগরমোড়া স্মৃতি জেনারেল স্টোরের সামনে এক মাদক বিক্রেতাকে ইয়াবা ট্যাবলেট বিক্রয় করতে দেখা গেছে, এমন তথ্য পাওয়ার পর ডিএডি মো. রফিকুল ইসলাম তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে ঘটনাস্থল হতে ১০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করে। অতীতে এমন আরো দুটি সাজানো ঘটনার বর্ণনাও দেওয়া হয় নির্দেশনামায়। এর মধ্যে ২০১১ সালের ২১ মে রাত ১২টার দিকে মেজর মো. কামরুজ্জামানের নেতৃত্বে র‌্যাব-৬ এর একটি দল সাতক্ষীরার জনৈক সফিকুল ইসলামের বাড়িতে অস্ত্র রেখে তাকে ফাঁসানোর চেষ্টা করেন। কিন্তু ঘটনাটি প্রকাশ পেয়ে যায়। এছাড়া চলতি বছরের ২০ এপ্রিল র‌্যাব-৭ এর সিপিসি-১, চট্টগ্রামের পতেঙ্গার একটি দল ইয়াবা দিয়ে এক ব্যবসায়ীকে ফাঁসানোর চেষ্টা করে ধরা পড়ে যায়। র‌্যাবের নির্দেশনামায় বলা হয়, “র‌্যাব সদস্য কর্তৃক সজ্ঞানে বা তথ্যদাতা কর্তৃক প্রতারণামূলকভাবে এমন অভিযানে অংশগ্রহণ র‌্যাবের ভাবমূর্তি বিনষ্ট করেছে। উক্ত ঘটনা পরবর্তীতে ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়াতে ব্যাপক আকারে প্রকাশ পায়। যার ফলশ্র“তিতে র‌্যাবের সুনাম ক্ষুণœ হয়।” “এসব ঘটনা সংঘটিত হওয়ার পর প্রতিনিয়ত র‌্যাব ফোর্সেস সদর দপ্তর হতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। র‌্যাব সদর দপ্তর হতে যে কোনো মিথ্যা বা সাজানো অভিযান পরিচালনার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে।” সাভারের ঘটনা উল্লেখ করে তাতে বলা হয়, “সুনির্দিষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও এনামুল হকের বিরুদ্ধে উক্ত সাজানো অপারেশন পরিচালনা করা হয়। এতে র‌্যাব সদর দপ্তরের নির্দেশনা অমান্য করা হয়েছে।” ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত পরিষদ গঠন করে প্রয়োজনীয় কার্যকরী ব্যবস্থা গ্রহণ করার সুপারিশও করা হয় নির্দেশনামায়। এছাড়া ‘উল্লেখিত বিষয়টি রোলকলের মাধ্যমে সব স্তরের র‌্যাব সদস্যকে পড়ে শোনানোর জন্য অনুরোধ’ করা হয়। ঘটনা নিয়ে কথা বলার জন্য এবিএম জাহিদুল করিমের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়। র‌্যাব-৪ এর অধিনায়ক আব্দুল্লাহ ইবনে জায়েদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ বিষয়টা আমি সঠিক জানি না। সাধারণত র‌্যাব কাউকে আটক করলে তাকে ছেড়ে দেওয়ার কোন কারণ নেই। এমন হতে পারে কেউ তাকে (এনামুল) ফাঁসানোর চেষ্টা করছিলো, র‌্যাব এটা বুঝতে পেরে তাকে ছেড়ে দেয়।” র‌্যাবের গোয়েন্দা শাখার প্রধান লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল আহসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি পাল্টা প্রশ্ন করে বলেন, “তাতে কি হয়েছে? র‌্যাব যে কাউকে ধরতে পারে আবার ছাড়তেও পারে।” তবে এরপরই তিনি বলেন, “বিষয়টা আইনানুসারে বৈধ ছিলো কিনা এটা আগে আমাকে জানতে হবে। এটা না জেনে তাকে (এনামুল) ধরার বা ছাড়ার কারণ বলা যাবে না।” সম্পূরক তথ্য: আশিক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএসটি/এএইচএ/কিউএইচ/এএল/১৮১৮ ঘ.