চট্টগ্রাম, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম শহরে ঝুঁকিপূর্ণ পাহাড় সংলগ্ন এলাকার বাসিন্দাদের সরে যেতে চলমান প্রচার অভিযানে বাধা দেওয়ার অভিযোগে এক জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ইদ্রিস আলী (৭৫) নামে ওই ব্যক্তিকে আটক করা হয় বলে জানান খুলশী থানার ওসি আবদুল লতিফ।
তিনি বলেন, নগরীর আকবর শাহ মাজার সংলগ্ন পাহাড় এলাকায় ঝুঁকির মুখে থাকা বাসিন্দাদের সরে যাওয়ার জন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মাইকিং করার সময় কয়েক সহযোগীকে নিয়ে এ প্রচারণায় বাধা দেন ইদ্রিস আলী। তাই তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।
খুলশী থানার অন্তর্গত ওই পাহাড়ের পাদদেশ কেটে অর্ধশতাধিক কাঁচাঘর তৈরি করে স্থানীয় নিম্নআয়ের মানুষের কাছে ভাড়া দেয় ইয়াসিন আলী। আটক ইদ্রিস আলী এই ইয়াসিন আলীর বাবা।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৩ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর আবদুস সাত্তার সেলিম জানান, সকালে রেলওয়ের মালিকানার ওই পাহাড়ের নিচে ইয়াসিন কলোনিতে বসবাসকারীদের সরে যাওয়ার অনুরোধ জানিয়ে মাইকিংয়ের সময় ইদ্রিস আলী ও তার চার ছেলে স্থানীয় কিছু লোকজন নিয়ে মাইকিংকারীদের বাধা দেয়। এ সময় তারা সিটি করপোরেশন কর্মীদের নাজেহাল করে।
এ সময় ওয়ার্ড কাউন্সিল অফিসের কর্মচারী মাহবুবকেও তারা লাঞ্ছিত করে বলে অভিযোগ করেন তিনি।
গত মঙ্গলবার রাতে ওই ইয়াসিন কলোনির ২০ থেকে ২৫টি ঘরে পাহাড়ের একাংশ ধসে পড়ে সাত জনের মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএইচ/এইচএ/১৭২১ ঘ.
bdnews24