ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভিসাপ্রার্থীদের দ্রুত ও উন্নত সেবা দিতে রোববার থেকে দুটো নতুন সেবা চালু করছে ঢাকার ব্রিটিশ হাই কমিশন।
বৃহস্পতিবার ব্রিটিশ হাই কমিশনের এক বিবৃতিতে জানানো হয়, যুক্তরাজ্যের টুরিস্ট ভিসার জন্য ‘ফাস্ট ট্র্যাক’ ও কিছু নির্বাচিত কোম্পানির জন্য ‘বিজনেস এক্সপ্রেস প্রোগ্রাম’ নামে এ সেবা দুটি চালু হচ্ছে।
এ সেবা দুটি পাওয়ার জন্য নিয়মিত ফিয়ের সঙ্গে অতিরিক্ত ফি জমা দিতে হবে।
যারা আগে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা অথবা কোনো শেনজেন রাষ্ট্র ভ্রমণ করেছেন, তারা ফাস্ট ট্র্যাক সেবার অধীনে ভিসার জন্য আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে ঢাকায় বিট্রিশ হাই কমিশনে আবেদন করলে তিন কার্যদিবসের মধ্যে এবং সিলেটে আবেদন করলে পাঁচ কার্যদিবসের মধ্যে ভিসা পাওয়া যাবে।
বিজনেস এক্সপ্রেস সেবার আওতায় আবেদন করতে পারবে যুক্তরাজ্যের ইউকে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং ইউকে বর্ডার এজেন্সি (ইউকেবিএ) থেকে আমন্ত্রণ পাওয়া কোম্পানিগুলোর সদস্যরা।
বাংলাদেশে অন্যতম বৃহৎ বিনিয়োগকারী যুক্তরাজ্য এখন পর্যন্ত বিভিন্ন প্রকল্পে প্রায় দুইশ’ কোটি পাউন্ড বিনিয়োগ করেছে। সারা দেশে প্রায় ৭০টি বিট্রিশ প্রতিষ্ঠান সফলভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
২০০৬ থেকে ২০১১ সালের মধ্যে দুই দেশের বাণিজ্যের পরিমাণ দ্বিগুণ হয়েছে। বর্তমানে বাংলাদেশি পণ্যের তৃতীয় বৃহত্তম আমদানীকারক দেশ যুক্তরাজ্য।
বাংলাদেশে সবচেয়ে বেশি রেমিটেন্স পাঠানো দেশগুলোর মধ্যে পঞ্চম অবস্থানে রয়েছে যুক্তরাজ্য। ২০১১ সালে যুক্তরাজ্য থেকে মোট ৯২ কোটি ৬০ লাখ মার্কিন ডলার রেমিটেন্স আসে, যা ওই বছর বিদেশ থেকে আসা সর্বমোট রেমিটেন্সের ৮ শতাংশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/কিউএইচ/এসইউ/১৬১৬ ঘ.
bdnews24