কক্সবাজার, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রবল বর্ষণে কক্সবাজারের মাতামুহুরী ও বাঁকখালী নদীর পানি বৃদ্ধি পেয়ে কক্সবাজারের সাতটি উপজেলার ১০ লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। ২১টি ইউনিয়নকে মারাত্মক ক্ষতিগ্রস্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ জয়নুল বারী বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জেলার সাতটি উপজেলার ৫২টি ইউনিয়নের মানুষ পাহাড়ী ঢল, অতিবৃষ্টি ও সাগরের লোনা জলে ভাসছে।”
এর মধ্যে ২১টি ইউনিয়নকে মারাত্মক ক্ষতিগ্রস্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ২০ হাজারের বেশি মানুষ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছে।
জেলা প্রশাসক জানান, মারাত্মক ক্ষতিগ্রস্ত ইউনিয়নগুলোতে জরুরি ত্রাণ হিসেবে ২১ লাখ টাকা, ৩৯ মেট্রিক টন চাল, ৪২ বস্তা চিড়া ও ৫০০ কেজি গুড় ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণের ব্যবস্থা নেওয়া হয়েছে।
কক্সবাজার সদর, চকরিয়া, পেকুয়া, রামু, উখিয়া, কুতুবদিয়া ও মহেশখালী উপজেলায় দুই দিনে পাহাড় ধস, মাটির ঘরের দেয়াল চাপা, পানিতে ডুবে ও বজ্রপাতে অন্তত ৩৭ জনের মৃত্যু হয়েছে।
সংশ্লিষ্টরা দাবি করেছেন, বন্যায় জেলার মৎস্য, রবিশস্য, রাস্তাঘাট, বেড়িবাঁধসহ বিভিন্ন ক্ষয়ক্ষতির পরিমাণ এক হাজার কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।
বন্যায় ক্ষতিগ্রস্ত ইউনিয়নের গ্রামীণ রাস্তাঘাট পানিতে ডুবে যাওয়ায় চলাচলে দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। অনেক এলাকায় নৌকার অভাবে যোগাযোগ ব্যাহত হচ্ছে। বিভিন্ন এলাকায় বেড়িবাঁধ ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এখনো পর্যন্ত রামু-মরিচ্যা সড়ক ও রামু-নাইক্ষ্যংছড়ি সড়কে যোগাযোগ ব্যবস্থা বিঘিœত হচ্ছে।
চকরিয়া পৌরসভার মেয়র নুরুল ইসলাম হায়দার বলেন, পৌর কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় বুধবার পাঁচটি লঙ্গরখানা খুলে ১০ হাজারের বেশি বন্যার্ত মানুষকে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে।
বন্যাদুর্গতদের জন্য পানি, পানি বিশুদ্ধকরণ বড়ি, চিড়া ও গুড় বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানান রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবী চন্দ।
অন্যদিকে চিংড়ি খামার গ্রুপের সাবেক সভাপতি আবদুল্লাহ খান সাংবাদিকদের কাছে দাবি করেন, চকরিয়ার সুন্দরবন, টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়া, কক্সবাজার সদর উপজেলা এলাকার পাঁচ শতাধিক চিংড়ি ঘেরের প্রায় ৩০০ কোটি টাকার মাছ ভেসে গেছে।
এছাড়াও, প্রায় ১৫ হাজার পুকুরের মাছও বন্যার পানিতে ভেসে গেছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/আরএ/১৩৫৬ ঘ.
bdnews24