সিলেট, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, সাগর-রুনি হত্যাকাণ্ড নিয়ে ‘বিতর্কিত’ মন্তব্য এবং সিলেটবাসীকে কটাক্ষ করে বক্তব্য দেওয়ায় এটিএন বাংলা চেয়ারম্যান মাহফুজুর রহমানের বিরুদ্ধে সিলেটে একটি মামলা হয়েছে ।
সিলেট জনস্বার্থ সংরক্ষণ কমিটির সভাপতি আখলাক আহমদ চৌধুরী বৃহস্পতিবার দুপুরে সিলেটের মুখ্য বিচারক হাকিম আদালতে মামলাটি করেন।
বাদীর আইনজীবী বন্ধু গোপাল দাস সাংবাদিকদের জানান, আদালতের বিচারিক আবু সৈয়দ মোহাম্মদ দিলজার হোসেন মামলাটি গ্রহণ করে সিলেট কোতোয়ালি থানার ওসিকে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
গত ৩০ মে লন্ডনে এক অনুষ্ঠানে সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির হত্যাকাণ্ড নিয়ে বিভিন্ন মন্তব্য করেন এটিএন বাংলা চেয়ারম্যান। এক পর্যায়ে তিনি সাংবাদিক দম্পতিকে ‘পরকীয়ার বলি’ বলেও উল্লেখ করেন। ওই মন্তব্যের পর সাংবাদিকসহ বিভিন্ন মহলে তীব্র সমালোচনা ও মাহফুজকে গ্রেপ্তারের দাবি ওঠে।
একুশে টেলিভিশনে সোমবার প্রচারিত নতুন আরেকটি ভিডিওতে মাহফুজকে বলতে দেখা যায়, “আরে, প্রাইম মিনিস্টার কতো না কথা বলেন। প্রাইম মিনিস্টারের বক্তৃতা শুনছেন না, ওইটাও বলছে, আমরা কি ড্রয়িংরুম পাহারা দেওয়ার দায়িত্ব নিছি? এইটা হচ্ছে, বেশি কথা বলতে বলতে বাচালের ফট করে একটা মিসটেক হয়ে যায় না, এ রকম একটা মিসটেক হয়ে গেছে।”
লন্ডনে একই অনুষ্ঠানে মাহফুজুর সিলেটবাসীকে ‘অশিক্ষিত’ বলেও বিদ্রুপ করেন।
মামলায় বাদি আখলাক আহমদ চৌধুরী সাংবাদিকদের বলেন, “প্রধানমন্ত্রী, সাগর-রুনি এবং সিলেটবাসীকে নিয়ে মাহফুজুর রহমানেরর এ বক্তব্য সিলেট তথা রাষ্ট্রের ভাবমূর্তি বিনষ্ট হয়েছে। তার বক্তব্য আশালীন ও কুরুচিপুর্ণ।”
ওই বক্তব্যের কারণে মাহফুজের বিরুদ্ধে ঢাকায় এক যুবলীগ নেতা এবং কুমিল্লায় এক ছাত্রলীগ নেতা দুটি মানহানির মামলা করেন। তবে ঢাকার মামলার বাদী অসুস্থতার কথা বলে বৃহস্পতিবার আদালতে গিয়ে মামলাটি তুলে নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/জেকে/১৩১০ ঘ.
bdnews24