নারায়ণগঞ্জ, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিটওয়্যার মালিকদের সংগঠন বিকেএমইএ’র পরিচালনা পর্ষদের নির্বাচনের নতুন তারিখ পড়েছে। ১৫ সেপ্টেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
বুধবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় বিকেএমইএ প্রধান কার্যালয়ে নির্বাচন পরিচালনা বোর্ডের এক সভায় এ সিদ্ধান্ত হয়।
আগামী ৭ জুলাই এ নির্বাচন হওয়ার কথা থাকলেও ভোটার তালিকা নিয়ে দুই সদস্যের আপত্তির কারণে বাণিজ্য মন্ত্রণালয়ের ভোটের তারিখ দুই মাস পেছাতে বলে। পরে পরে ৫ জুন সভা করে নির্বাচন পরিচালনা বোর্ড নির্বাচন কার্যক্রম স্থগিত করেন।
সভা শেষে বিকেএমইএ সচিব সুলভ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সিদ্ধান্ত অনুযায়ী ১৭ জুলাই ভোটার হওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে। ৬ অগাস্ট থেকে ১১ অগাস্ট পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হবে।
মনোনয়নপত্র নেওয়া হবে ১২ অগাস্ট এবং ১৪ অগাস্ট বাছাই শেষ করা হবে। ২ সেপ্টেম্বর নির্বাচন পরিচালনা বোর্ড চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে।
তালিকা প্রকাশের পর ৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করা যাবে বলেও জানান সচিব সুলভ চৌধুরী।
এ দিকে যারা আগেরবার মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন তাদের নতুন করে মনোনয়নপত্র সংগ্রহের ফি লাগবে না। আগেরবারের মনোনয়নপত্র ও রশিদ জমা দিলেই নতুন মনোনয়নপত্র দেওয়ার সিদ্ধান্ত হয়েছে সভায়।
অন্যদের মধ্যে বিকেএমইএ নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান বাংলাদেশ কটন অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আইউব, নির্বাচনী বোর্ডের দুইজন সদস্য প্রবীর কুমার সাহা ও এম সোলায়মান সভায় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২১৩০ ঘ.
bdnews24