২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাঁশখালীতে পুড়িয়ে হত্যাবাদি বিমল শীলের জবানবন্দি শেষ হলো

বাঁশখালীর সাধনপুরে ১১ জনকে পুড়িয়ে হত্যার মামলায় সাক্ষী হিসেবে জবানবন্দি দেওয়া শেষ করেছেন বাদি বিমল চন্দ্র শীল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2012, 03:22 PM

Updated : 24 Aug 2022, 11:37 AM

চট্টগ্রাম, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাঁশখালীর সাধনপুরে ১১ জনকে পুড়িয়ে হত্যার মামলায় সাক্ষী হিসেবে জবানবন্দি দেওয়া শেষ করেছেন বাদি বিমল চন্দ্র শীল। সাক্ষ্য প্রদান শেষে এক আসামির আইনজীবী বাদিকে জেরা করেন। বুধবার দুপুরে চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ হোসনে আরা বেগমের আদালতে বিমল জবানবন্দি দেন। আংশিক জেরা শেষে বিচারক আগামী ১৬ জুলাই সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ নির্ধারণ করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ও চট্টগ্রাম জেলা পিপি আবুল হাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাদি বিমল সাক্ষী হিসেবে তার অসমাপ্ত জবানবন্দি দেওয়া শেষ করেছেন। নতুন ধার্য তারিখে বাদির অসমাপ্ত জেরা সম্পন্ন হবে বলে জানান তিনি। বিচারক ছুটিতে থাকায় গত ১৭ জুন এ মামলায় সাক্ষ্য গ্রহণ হয়নি। এর আগে গত ৩ জুন বিমল শীল তৃতীয় দিনের মতো সাক্ষী হিসেবে জবানবন্দি দেন। এছাড়া গত ২৩ ও ১৫ মে সাক্ষ্য দেন তিনি। চাঞ্চল্যকর এ ঘটনায় ৩৭ আসামির বিরুদ্ধে গত ১৯ এপ্রিল নতুন করে অভিযোগ গঠন করা হয়। এতে ‘ডাকাতির উদ্দেশ্যে গিয়ে খুন’ এর পরিবর্তে ‘সম্পত্তি দখল করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে খুনের’ অভিযোগ আনা হয়েছে। তবে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকায় মামলার আসামি বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরীর বিরুদ্ধে নতুন দুটি ধারায় অভিযোগ আনা হয়নি। আগের ধারায় অভিযোগ গঠনের পর এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরুর তারিখ সাত দফা পেছানো হয়। ২০০৩ সালের ১৮ নভেম্বর রাতে বাঁশখালীর সাধনপুরের শীলপাড়ার তেজেন্দ্র শীলের বাড়িতে হানা দিয়ে তার দোতলা মাটির ঘরে তালা দিয়ে তাতে আগুন ধরিয়ে দেয় একদল সন্ত্রাসী। এতে এক নবজাতকসহ ওই পরিবারের ১১ সদস্য অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। ওই ঘটনায় পরিবারের একমাত্র বেঁচে যাওয়া সদস্য ডা. বিমল চন্দ্র শীল বাদী হয়ে বাঁশখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সাত তদন্ত কর্মকর্তার হাত ঘুরে অষ্টম তদন্ত কর্মকর্তা হিসেবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের চট্টগ্রাম অঞ্চলের সহকারী পুলিশ সুপার (এএসপি) হ্লা চিং প্র“ ২০১১ সালের ৯ জানুয়ারি ৩৯ জনকে আসামি করে এ মামলার অভিযোগপত্র দেন। এরপর ১২ সেপ্টেম্বর ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/২১০৬ ঘ.