চট্টগ্রাম, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠা-নামা বৃহস্পতিবার সকাল থেকে শুরু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বুধবার রাতে চট্টগ্রাম বিমানবন্দরের ব্যবস্থাপক স্কোয়াড্রন লিডার রবিউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এয়ারপোর্টের রানওয়ে থেকে পানি সরে গেছে।
“আশা করছি, বৃহস্পতিবার সকাল থেকে বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা কার্যক্রম স্বাভাবিক হবে।”
মঙ্গলবার দিনভর বর্ষণে রানওয়েতে পানি জমে যাওয়ায় বিকাল সাড়ে ৪টা থেকে সব ধরনের বিমান উড্ডয়ন ও অবতরণ বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
স্কোয়াড্রন লিডার রবিউল জানান, বিমানবন্দর এলাকায় সিটি করপোরেশনের স্যুয়ারেজ ব্যবস্থা ভালো না হওয়ায় রানওয়ে থেকে পানি সরতে দেরি হয়েছে।
প্রবল বর্ষণে সীতাকুণ্ডে সেতু ভেঙে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগও মঙ্গলবার সন্ধ্যা থেকে বন্ধ রয়েছে।
তবে ক্ষতিগ্রস্ত সেতুর মেরামত কাজ চলাকালীন সব ট্রেন সীতাকুণ্ড পর্যন্ত চলবে। এই মেরামত কাজ শেষ হতে ১৫ দিন লাগবে বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে।
প্রবল বর্ষণে বন্দরনগরীর বিভিন্ন স্থানে পাহাড় ধসে অন্তত ২৪ জন নিহত হয়েছে। মঙ্গলবার শহরের অনেক এলাকাও পানিতে তলিয়ে যায়। তবে বুধবার বৃষ্টিপাত না হওয়ায় পরিস্থিতির উন্নতি হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/২০৫৫ ঘ.
bdnews24