২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনসংখ্যা ও পুলিশের অনুপাতে বিশাল ফারাক: মন্ত্রী

বাংলাদেশে জনসংখ্যা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সংখ্যার অনুপাতে বিশাল ব্যবধান রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2012, 01:28 PM

Updated : 24 Aug 2022, 11:37 AM

ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে জনসংখ্যা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সংখ্যার অনুপাতে বিশাল ব্যবধান রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। জাতীয় সংসদের বুধবারের অধিবেশনে ২০১২-১৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় সাহারা বলেন, সীমাবদ্ধতার মধ্যেও জনগণের নিরাপত্তা নিশ্চিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে যাচ্ছে। তিনি বলেন, “আমাদের ১৬ কোটি জনগণ ও পুলিশ সদস্যের সংখ্যার অনুপাতের বিশাল ফারাক রয়েছে। সীমাবদ্ধ সম্পদের মধ্যে বিভিন্ন কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে।” ২০০৪ সালের ২১ অগাস্টের গ্রেনেড হামলাসহ সব হামলার বিচারে সরকারের দৃঢ় অবস্থান তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সব গ্রেনেড হামলার বিচার করা হবে। আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর।” দেশে উৎপাদন ও বাণিজ্যবান্ধব পরিবেশ নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে বলে জানান তিনি। বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের সমালোচনা করে সাহারা খাতুন বলেন, “তারা দেশে অরাজকতা সৃষ্টি করে ফায়দা লুটতে চায়। তাদের তা করতে দেওয়া হবে না। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে।” বর্তমান সরকারের সময়ে সব উৎসব ও নির্বাচন শান্তিপূর্ণভাবে ও সফলতার সঙ্গে শেষ হয়েছে বলে উল্লেখ করেন তিনি। ২০১২-১৩ অর্থবছরের বাজেট উত্থাপনের আগে এ বিষয়ে বিএনপি চেয়ারপার্সন যে ভাবনা তুলে ধরেন তার সমালোচনা করে সাহারা খাতুন বলেন, “পাঁচ তারা হোটেলের লবি থেকে বাজেট উপস্থাপন হয় না।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএইচ/১৯২৫ ঘ.