২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

১৫ দিন ‘ভুগতে হবে’ চট্টগ্রামের রেলযাত্রীদের

প্রবল বৃষ্টিতে পানির চাপে একটি রেলসেতু ভেঙে যাওয়ায় আগামী ১৫ দিন চট্টগ্রাম থেকে ঢাকা ও সিলেটগামী ট্রেন ছাড়বে সীতাকুণ্ড থেকে। বিভিন্ন স্থান থেকে চট্টগ্রামমুখী যাত্রীদেরও নামতে হবে একই স্টেশনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2012, 12:36 PM

Updated : 24 Aug 2022, 11:37 AM

চট্টগ্রাম/ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রবল বৃষ্টিতে পানির চাপে একটি রেলসেতু ভেঙে যাওয়ায় আগামী ১৫ দিন চট্টগ্রাম থেকে ঢাকা ও সিলেটগামী ট্রেন ছাড়বে সীতাকুণ্ড থেকে। বিভিন্ন স্থান থেকে চট্টগ্রামমুখী যাত্রীদেরও নামতে হবে একই স্টেশনে। আর এই সময়ে চট্টগ্রামের যাত্রীদের নিজেদের উদ্যোগেই ৩৫ কিলোমিটার দূরত্ব পার হয়ে সীতাকুণ্ডে গিয়ে ট্রেন ধরতে হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন। একই সমস্যা পোহাতে হবে সারা দেশ থেকে চট্টগ্রামগামী রেলযাত্রীদেরও। টানা বর্ষণের ফলে মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে সীতাকুণ্ডের কুমিরা ও ভাটিয়ারির মধ্যবর্তী স্থানে একটি রেলসেতু আংশিক ভেঙে গেলে সারা দেশের সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর বুধবার সকাল থেকে বিকল্প ব্যবস্থায় যাত্রী পরিবহন শুরু করে রেল কর্তৃপক্ষ, যাকে তারা বলছেন ট্রান্সশিপমেন্ট। রেলমন্ত্রী ওবায়দুল কাদের বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করে জানান, বৃহস্পতিবার থেকে ১৫ দিন চট্টগ্রামের ট্রেন সীতাকুণ্ড পর্যন্ত যাবে। ওই স্টেশন থেকেই ঢাকা ও সিলেটের ট্রেন ছাড়বে। রেল মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা আবু নাছের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মন্ত্রী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেতু মেরামত না হওয়া পর্যন্ত সীতাকুণ্ড স্টেশন থেকেই চট্টগ্রামের ট্রেন যাওয়া-আসা করবে বলে সিদ্ধান্ত হয়েছে।” সেনাবাহিনী ও রেলের কর্মীরা সেতু মেরামতের কাজ শুরু করেছেন উল্লেখ করে তিনি বলেন, এ কাজ শেষ হতে ১৫ দিনের মতো সময় লাগবে। ওই সময় পর্যন্ত রেলযাত্রীরা কীভাবে চট্টগ্রাম-সীতাকু- যাতায়াত করবেন জানতে চাইলে রেলওয়ে পূবাঞ্চলের প্রধান প্রকৌশলী মোজাম্মেল হক বলেন, “তাদের নিজেদের ব্যবস্থাতেই যেতে হবে। ১৫ দিনের মধ্যে মেরামত শেষ হয়ে যাবে বলে আমরা আশা করছি।” বাংলাদেশ রেলওয়ের যুগ্মপরিচালক (অপারেশন্স) মিয়া জাহান সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার সন্ধ্যা থেকে বন্ধ থাকার পর বুধবার সকালে বিকল্প ‘ট্রান্সশিপমেন্ট’ ব্যবস্থায় যাত্রী পরিবহনের কাজ শুরু হয়। ঢাকা থেকে আসা ট্রেন সেতুর একপাশে থামিয়ে যাত্রীদের নামিয়ে ব্রিজ পার করা হয়। তারপর ওপারে অপেক্ষামান আরেকটি ট্রেনে তুলে তাদের চট্টগ্রাম স্টেশনে নিয়ে যাওয়া হয়। চট্টগ্রাম থেকেও একই ব্যাবস্থায় ঢাকায় যাত্রী পরিবহন করা হয় কয়েকটি ট্রেনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসএইচএ/জেকে/১৮৩২ ঘ.