ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের আগের সরকারে মুক্তিযোদ্ধাদের দেওয়া সনদ বিএনপি ক্ষমতায় গিয়ে বাতিল করে দিয়েছিল বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের কয়েকটি ভবন নির্মাণ প্রকল্পের ফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, “আমি নিজে হাতে প্রতিদিন দুই থেকে তিন হাজার মুক্তিযোদ্ধাদের সার্টিফিকেট সই করেছি। এভাবে ৭০ হাজার সার্টিফিকেট দেওয়া হয়। কিন্তু, বিএনপি এসে সেগুলো বাতিল করে দেয়।”
মুক্তিযোদ্ধাদের আর চাকরির বয়স না থাকায় আওয়ামী লীগ ক্ষমতায় এসে মুক্তিযোদ্ধাদের নাতিদের সরকারি চাকরির জন্য কোটার ব্যবস্থা করেছে বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেন।
মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যরা যাতে তাদের প্রাপ্য সুবিধাগুলো সময়মতো পান, তা নিশ্চিত করতেও সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
বর্তমান সরকারই যুদ্ধাপরাধীদের বিচার শেষ করতে পারবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, “আমরা একটা কঠিন কাজ শুরু করেছি। আমরা যুদ্ধাপরাধীদের বিচারের কাজ শুরু করেছি। এই বিচার যাতে না হয়, সেজন্য বহু ষড়যন্ত্র হচ্ছে। অনেক আলটিমেটাম শুনতে হয়েছে।”
“দেশবাসীর প্রতি আমার আস্থা ও বিশ্বাস আছে। যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে- তাদেরও সমর্থন পাব। যে বিচার আমরা শুরু করেছি। তা শেষ করে যেতে পারব, ইনশাল্লাহ। সে বিশ্বাস আমার আছে। এই বিচার বাংলার মাটিতেই হবে”, যোগ করেন প্রধানমন্ত্রী।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে শেখ হাসিনা একাত্তরের গণকবরগুলো সংরক্ষণের জন্য সংশিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
“গণকবরগুলো ব্যাপকভাবে সংরক্ষণ করতে হবে, যেন ভবিষ্যত প্রজন্ম জানতে পারে- পাকিস্তানি বাহিনী এবং তাদের দোসর আল-বদর ও রাজাকাররা কীভাবে গণহত্যা চালিয়েছিল।”
শেখ হাসিনা বলেন, এর আগে ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে যুদ্ধাপরাধীদের বিষয়ে তথ্য সংগ্রহ করেছিল। কিন্তু ২০০১ সালে ক্ষমতায় আসতে না পারায় যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে মামলা শুরু করা যায়নি।
বঙ্গবন্ধু লাভজনক প্রতিষ্ঠান হিসেবে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট গঠন করলেও ১৯৭৫ পরবর্তী সরকারগুলো একে লোকসানি প্রতিষ্ঠানে পরিণত করে বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, “১৯৭৮ সালে ১১টি অলাভজনক প্রতিষ্ঠান ট্রাস্টের অধীনে ন্যস্ত করা হয়। এর ফলে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট লোকসানের মুখে পড়ে। বিভিন্ন ধরনের অব্যবস্থা ও চক্রান্তের মাধ্যমে একের পর এক প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়।”
২০০৯ সালে ক্ষমতায় আসার পর এসব প্রতিষ্ঠান রক্ষায় বর্তমান সরকার ৮১ কোটি টাকার ‘উদ্ধার পরিকল্পনা’ গ্রহণ করে বলেও জানান তিনি।
গত তিন বছরে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের অনেক অগ্রগতি হয়েছে দাবি করে প্রধানমন্ত্রী বলেন, “আমরা ট্রাস্টের ১২৬ কোটি টাকা ঋণ মওকুফ করে দিয়েছি। ৭ কোটি টাকার বিল পরিশোধ করা হয়েছে। ৪০ বৎসর পর নারায়ণগঞ্জে ৭০ কোটি টাকা মূল্যের জায়গা উদ্ধার হয়েছে।”
এর আগে, প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রামের আগ্রাবাদে ‘টাওয়ার ৭১’ ও ‘জয় বাংলা ভবন’ এবং ঢাকার পোস্তগোলায় আবাসিক সিটি ‘বিজয় নিকেতন’ এবং মোহাম্মদপুরের গজনবী সড়কে মুক্তিযোদ্ধাদের কল্যাণে বহুতল একটি ভবনের ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রফিকুল ইসলাম এবং মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এ কে মোহাম্মদ আলী শিকদার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসইউ/১৪৪৮ ঘ.
bdnews24