২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিকল্প ব্যবস্থায় ট্রেন চালু, বিমান বিকালে ওড়ার আশা

চট্টগ্রাম থেকে বিকল্প ব্যবস্থায় ট্রেন চালু হলেও শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামা এখনো শুরু হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2012, 08:00 AM

Updated : 24 Aug 2022, 11:38 AM

চট্টগ্রাম/ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম থেকে বিকল্প ব্যবস্থায় ট্রেন চালু হলেও শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামা এখনো শুরু হয়নি। বৃষ্টি থেমে যাওয়ায় এবং ট্যাক্সিওয়ে থেকে পানি নেমে যাওয়ায় বিকাল বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম শুরু করা যাবে বলে আশা করছে কর্তৃপক্ষ। টানা বর্ষণের ফলে শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরের রানওয়ে ও ট্যাক্সিওয়েতে পানি জমে যাওয়ায় মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে বিমান ওঠা-নামা বন্ধ করে দেওয়া হয়। সন্ধ্যা ৭টার দিকে সীতাকুণ্ডের কুমিরা ও ভাটিয়ারির মধ্যবর্তী স্থানে একটি রেলসেতু আংশিক ভেঙে গেলে বিচ্ছিন্ন হয় রেল যোগাযোগও। বাংলাদেশ রেলওয়ের যুগ্মপরিচালক (অপারেশন্স) মিয়া জাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সেতুটি মেরামত শেষ না হলেও বুধবার সকাল থেকে বিকল্প ব্যবস্থায় রেলে যাত্রী পরিবহনের কাজ শুরু হয়। তিনি বলেন, “ঢাকা থেকে আসা ট্রেন সেতুর একপাশে থামিয়ে যাত্রীদের নামিয়ে ব্রিজ পার করা হচ্ছে। তারপর ওপারে অপেক্ষামান আরেকটি ট্রেনে তুলে তাদের চট্টগ্রাম স্টেশনে নিয়ে যাওয়া হচ্ছে। চট্টগ্রাম থেকেও একই ব্যাবস্থায় ঢাকায় যাত্রী পরিবহন করা হচ্ছে।” এই ব্যবস্থাকে রেল কর্তৃপক্ষ বলছে ট্রান্সশিপমেন্ট। দিনের বেলায় ট্রান্সশিপমেন্টের মাধ্যমে যাত্রী আনা নেওয়া সম্ভব হলেও রাতে এ ব্যবস্থা নাও থাকতে পারে বলে জানান মিয়া জাহান। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত সেতুটি মেরামত করতে সেনাবাহিনীকে অনুরোধ জানানো হয়েছে। রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সেতু মেরামতের কাজ সকাল থেকেই শুরু হয়ে গেছে। বুধবার সন্ধ্যার মধ্যেই সেতুর ওপর দিয়ে সরাসরি রেল চলাচল শুরু করা যাবে বলে আশা করছি আমরা।” এদিকে বুধবার সকালে বিমানবন্দরের ট্যাক্সিওয়ে থেকে পানি সরে গেলেও বিমান ওঠানামা শুরু করতে পারেনি কর্তৃপক্ষ। বুধবার সকালে বিমানবন্দরের এয়ারপোর্ট ম্যানেজার স্কোয়াড্রন লিডার রবিউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রানওয়ে থেকে পানি নেমে গেলেও তা এখনো পুরোপুরি প্রস্তুত না হওয়ায় বিমান চলাচল শুরু হয়নি। বিকালের মধ্যে বিমান চলাচল শুরু হবে বলে আশা করছি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসএইচএ/আরআরডি/আরএ/জেকে/১৪৫০ ঘ.