২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রবল বর্ষণে পাহাড় ধস, চট্টগ্রামে নিহত ১৩

পাহাড় ধসে বন্দরনগরীর খুলশীতে আটজন, উত্তর পাহাড়তলীতে দুইজন এবং বাঁশখালীতে তিনজন নিহত হয়েছে, যার সাতজনই শিশু। এছাড়া দেওয়ালচাপায় মারা গেছে আরো দুই শিশু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2012, 05:46 PM

Updated : 24 Aug 2022, 11:37 AM

মিন্টু চৌধুরী জ্যেষ্ঠ প্রতিবেদক চট্টগ্রাম, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রবল বর্ষণে পাহাড় ধসে চট্টগ্রাম নগরী ও বাঁশখালীতে নিহত হয়েছেন অন্তত ১৩ জন। এছাড়া দেওয়াল চাপা এবং তড়িতাহত হয়ে মারা গেছেন আরো পাঁচজন। গত কয়েকদিনের ধারাবাহিকতায় মঙ্গলবার ভোর থেকে প্রবল বর্ষণের মধ্যে বিকালে বিমান এবং সন্ধ্যার পর চট্টগ্রামের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়ে। ব্যাহত হয় সমুদ্র বন্দরে পণ্য খালাস। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাত ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৪৬২ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টি হয়। বর্ষণে বন্দরনগরীর প্রায় দুই-তৃতীয়াংশ এলাকা পানিতে তলিয়ে যায়। কয়েকটি সড়কে গাড়ি চলাচলও বন্ধ থাকে। তবে রাত ৯টার পর বৃষ্টি কমে এলে পানি সরে যেতে শুরু করে। পাহাড় ধস পাহাড় ধসে নগরীর খুলশী এলাকায় দুটি স্থানে আটজন, উত্তর পাহাড়তলীতে দুইজন এবং বাঁশখালী উপজেলায় তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া নগরীর আমবাগান এবং হাটহাজারী উপজেলায় দেওয়াল ধসে দুজন মারা গেছেন। খুলশীর আকবর শাহ এলাকার ইয়াসিন কলোনিতে মঙ্গলবার সন্ধ্যার পর পাহাড় ধসে চাপা পড়ে অন্তত ২০টি ঘর। গভীর রাত পর্যন্ত সেখানে উদ্ধার তৎপরতা চলছিল। রেলওয়ে মালিকানাধীন ওই পাহাড়কে স্থানীয়রা কবরস্থান পাহাড় নামে চেনে। অগ্নিনির্বাপন বাহিনী চট্টগ্রামের উপসহকারী পরিচালক জসীম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাহাড় ধসে ২০ থেকে ২৫টি ঘর চাপা পড়ে। রাত সাড়ে ৮টার দিকে জসীম উদ্দিনের সঙ্গে কথা বলার সময় তিনি জানান, ঘটনাস্থল থেকে একজন পুরুষ, একজন নারী এবং একটি শিশুকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। রাত সাড়ে ৯টার দিকে সেখানে এক নারীর লাশ উদ্ধার করা হয়। মাটি চাপাপড়া লাশটি তুলে আনা হলে ওই এলাকার বাসিন্দাদের মধ্যে কান্নার রোল ওঠে। নিহত শানু (১৬) আবু তৈয়বের ছেলে। পাহাড় ধসের সময় সে ঘরেই ছিল। রাত সাড়ে ১২টার দিকে উর্মি (১২) নামে আরেকটি শিশুর লাশ উদ্ধার করা হয়। উর্মির বাবার নাম মিজান। রাত দেড়টার দিকে হুসনা বানু নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়। স্থানীয়দের দাবি, মাটির নিচে চাপা পড়েছে আরো কয়েকজন। তবে উদ্ধারকর্মীরা জানায়, উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। বুধবার সকালেও সেখানে উদ্ধার অভিযান চলছিল। অগ্নিনির্বাপণ বাহিনীর কর্মীদের পাশাপাশি পুলিশ ও সেনাসদস্যরাও এতে অংশ নিচ্ছে। চট্টগ্রামের মেয়র এম মনজুর আলম, বিভাগীয় কমিশনার সিরাজুল ইসলাম খান ও জেলা প্রশাসক ফয়েজ আহমেদ উদ্ধার কাজ তদারকি করছেন। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে খুলশীর জয়ন্তিকা আবাসিক এলাকা সংলগ্ন বিশ্ব কলোনির হাবরাতলী এলাকায় পাহাড় ধসে পড়লে মারা যান পাঁচজন। তারা হলেন- রাবেয়া বেগম (৬০), আব্দুল খালেক (৬৫), রমজান আলী (২৮), কুলসুম আক্তার (৮) ও মাসুম (২)। সেখানে উদ্ধার কার্যক্রমে অংশ নেওয়া অগ্নিনির্বাপন বাহিনীর কর্মকর্তা জহিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ব্যক্তি মালিকানাধীন ওই পাহাড়ের পাদদেশে তিন-চারটি ঘর ছিল। বর্ষণের কারণে পাহাড় ধসে পড়লে নিহতরা চাপা পড়েন। রাত সাড়ে ১২টা পর্যন্ত চারজনের লাশ উদ্ধার করা হয় বলে জানান তিনি। সকালে নগরীর সুগন্ধা একুশে হাসপাতাল সংলগ্ন একটি পাহাড় এবং দুপুরে লালখান বাজার বাগঘোনা পোড়া কলোনি এলাকায় অন্য একটি পাহাড়ের কিছু অংশ ধসে পড়ে। এতে দুই ব্যক্তি সামান্য আহত হন এবং একটি প্রাইভেটকার মাটিচাপা পড়ে। পরে অগ্নিনির্বাপন বাহিনীর কর্মীরা গাড়িটি উদ্ধার করে। নগরীর প্রান্তে উত্তর পাহাড়তলীর আঁধার মানিক মক্কাঘোনা এলাকায় রাত ৮টার পর কোনো এক সময়ে পাহাড় ধসে মারা গেছে দুই বোন। অগ্নি নির্বাপণ বাহিনীর সদস্যরা রাত ২টার সময় উদ্ধার অভিযান শুরু করে ভোর সাড়ে ৬টার দিকে কুলসুম (৭) ও ফাতেমার (৮) লাশ উদ্ধার করে। বায়েজিদ ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা জানে আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই দুই শিশুর মা কাজল আক্তারকে (২৮) আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে বাঁশখালী উপজেলার জঙ্গল শীলকূপ এলাকায় পাহাড় ধসে তিন সহোদরের মৃত্যু হয় বলে বাঁশখালী থানার ওসি মো. শাহজাহান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। নিহত শহীদুল (১২), খোরশেদ (৮) ও ফাতেমা (৪) ওই এলাকার মো. মিনহাজুর খানের সন্তান। ওসি বলেন, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে পাহাড় থেকে ধসে পড়া মাটিতে চাপা পড়েন তিন ভাই-বোন। স্থানীয়রাই তাদের উদ্ধার করেছে। ২০০৭ সালে জুন মাসে প্রবল বর্ষণে বন্দরনগরীর বিভিন্ন স্থানে পাহাড় ধসে ১২৭ জনের মৃত্যু হয়েছিল। গত কয়েকদিনের বর্ষণের পর পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসরতদের সরে যেতে প্রশাসনের পক্ষ থেকে মাইকিংও হচ্ছিল। সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর বিশ্বকলোনি ও বাটালি হিল এলাকায় দুটি পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী অর্ধশতাধিক পরিবারকে উচ্ছেদ করে জেলা প্রশাসন। দুটি পাহাড়ে অবৈধভাবে তৈরি করা ঝুঁকিপূর্ণ ২০টি ঘরও ভেঙে দেওয়া হয়। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক গোলাম মোহাম্মদ ভুইয়া বলেন, নগরীর বিভিন্ন এলাকায় পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বাস করা অন্যান্য পরিবারগুলোকেও পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে। দুটি পাহাড় থেকে ২০টির মতো অবৈধ বসতঘর ভেঙে দেয়া হয়েছে। দেওয়াল ধস নগরীর দক্ষিণ আমবাগান এলাকায় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় দেওয়াল ধসে আবুল হোসেন (৮) নামে একটি শিশুর মৃত্যু হয়। সে ওই এলাকার বাসিন্দা মোহাম্মদ ফরিদ মিয়ার ছেলে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির কনস্টেবল মোহাম্মদ সুমন মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এলাকার মা ভবনের পাশে মো. ফারুকের বাড়ির দেয়ালচাপা পড়ে শিশুটি গুরুতর আহত হয়। চমেক হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান কনেস্টবল সুমন। এছাড়া ও আর নিজাম রোড এলাকায় একটি আবাসিক ভবনের সীমানা দেওয়াল ভেঙে পড়ে বলে অগ্নিনির্বাপন বাহিনী জানায়। হাটহাজারী থানার ওসি লিয়াকত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যায় খোন্দকিয়া হাজিপাড়া গ্রামে দেয়াল চাপা পড়ে এ্যানী (১৫) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। তড়িতাহত হয়ে ৩ জনের মৃত্যু চান্দগাঁও আবাসিক এলাকা এবং বন্দর থানাধীন আকমল আলী সড়কে তড়িতাহত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টার দিকে চান্দগাঁও আবাসিক এলাকার ১২ নম্বর রোডে নিজ বাসায় বিদ্যুৎস্পৃষ্ট হন নুরুল ইসলাম (২৬) নামে এক যুবক। তিনি ওই এলাকার মো. আব্দুল্লাহর ছেলে। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান চমেক পুলিশ ফাঁড়ির নায়েক মৃণাল চাকমা। অন্যদিকে নগরীর বন্দর থানার আকমল আলী রোডে সন্ধ্যায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান আরো দুই ব্যক্তি। তাদের পরিচয় পাওয়া যায়নি। বন্দর থানার ওসি নুরুল আফসার ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুজনকে গুরুতর আহতবস্থায় স্থানীয় নেভি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাদের মৃত্যু হয়। ৩ নম্বর সতর্ক সঙ্কেত পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমী বায়ু সক্রিয় থাকায় উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্য বেশি। এজন্য উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জেকে/০৯৫০ ঘ.