ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গেজেট প্রকাশের ১২০ দিনের মধ্যে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ বা অবমুক্তির জন্য আবেদন করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
ওই সময়ের মধ্যে আবেদন না করলে দাবিকৃত সম্পত্তি সরকারি সম্পত্তি হিসাবে গণ্য হবে বলে মঙ্গলবার ভূমি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়।
এতে আরো বলা হয়, গেজেটে প্রকাশিত ‘ক তফসিলভুক্ত’ সম্পত্তির বিষয়ে কোনো দাবি থাকলে গেজেট প্রকাশের ১২০ দিনের মধ্যে জেলা জজের সমন্বয়ে গঠিত অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ ট্রাইব্যুনালে আবেদন করতে হবে। ওই তফসিলের সব গেজেট প্রকাশ করে ইতোমধ্যে জেলা পর্যায়ে পাঠানো হয়েছে।
‘খ তফসিলে’র সম্পত্তি নিয়ে দাবির বিষয়ে গেজেট প্রকাশের ১২০ দিনের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসকের (রাজস্ব) নেতৃত্বে গঠিত জেলা কমিটি বা ট্রাইব্যুনালে আবেদন করতে হবে। এ তফসিলের তালিকা থেকেও গেজেট প্রকাশ করে ইতোমধ্যে ১২ জেলায় পাঠানো হয়েছে। আরো ১৩ জেলার গেজেট প্রকাশ এবং জেলায় পাঠানোর প্রক্রিয়া চলছে।
ভূমি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজুয়ান খান জানিয়েছেন, অর্পিত সম্পত্তির তালিকা গেজেট আকারে প্রকাশ করে জেলা প্রশাসকের কার্যালয়, সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়, ইউনিয়ন বা পৌর ভূমি সহকারী কর্মকর্তার কার্যালয় ও ইউনিয়ন পরিষদ তথ্য কেন্দ্রে পাঠানো হয়েছে।
এছাড়া বিভিন্ন এলাকার নির্দিষ্ট সংখ্যক ফটোকপির দোকানেও এসব তালিকা পাওয়া যাবে।
গেজেটে প্রকাশিত অর্পিত সম্পত্তির দাবিদারদের নির্দিষ্ট সময়ের মধ্যে জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ও সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়সহ সংশ্লিষ্ট ভূমি কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে।
এ বিষয়ে ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে(www.minland.gov.bd) সংশ্লিষ্ট আইন ও বিধিসহ বিস্তারিত তথ্য পাওয়া যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/২০৫৯ ঘ.
bdnews24