ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদোন্নতি ও বদলিকে কেন্দ্র করে জনপ্রশাসনে বিশৃঙ্খলা চলছে বলে বিভিন্ন সংবাদপত্রে যে খবর ছাপা হয়েছে, তা সরকারের পক্ষ থেকে নাকচ করা হয়েছে।
জাতীয় সংসদে মঙ্গলবার এক প্রশ্নের জবাবে সংসদ কাজে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, “বর্তমানে জনপ্রশাসনে কোন বিশৃঙ্খলা বিরাজ করছে না।”
বিএনপির সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজান লিখিত প্রশ্নে জানতে চেয়েছিলেন- পদোন্নতি, জ্যেষ্ঠ কর্মকর্তাদের ওএসডি, হয়রানিমূলক বদলির কারণে এখন জনপ্রশাসনে বিশৃঙ্খলা বিরাজ করছে বলে পত্র-পত্রিকায় প্রকাশিত খবর সত্য কি না?
আশরাফ বলেন, সরকারের উপ-সচিব ও তদূর্ধ্ব কর্মকর্তাদের পদোন্নতির জন্য সুনির্দিষ্ট বিধিমালা রয়েছে। পদোন্নতি বিধিমালা অনুযায়ী যোগ্য কর্মকর্তাদের পদোন্নতি হয়ে থাকে। প্রয়োজনীয় যোগ্যতা না থাকলে পদোন্নতি না পাওয়াটাই স্বাভাবিক।
সরকারি কর্মকর্তাদের ওএসডি একটি রুটিন মাফিক কাজ মন্তব্য করে মন্ত্রী বলেন, প্রশাসনিক প্রয়োজনে তিন মাসের অধিক ছুটি, শিক্ষা ছুটি, পিআরএল প্রশিক্ষণ, পদোন্নতি, বিভাগীয় ও দুর্নীতির মামলা রুজুসহ ব্যক্তিগত কারণে বিভিন্ন কর্মকর্তাদের ওএসডি করা হয়।
“অনুরূপভাবে নিয়োগ-বদলিও সরকারের একটি রুটিন কাজ। কোনো কর্মকর্তা একই কর্মস্থলে তিন বছর চাকরি করার সরকারি সিদ্ধান্ত রয়েছে। তবে যে কোনো কর্মকর্তাকে যে কোনো সময়ে যে কোনো কর্মস্থলে সরকার জনস্বার্থে নিয়োগ বা বদলি করতে পারে,” বলেন আশরাফ।
হত্যা-গুমের মামলার জন্য সামারি কোর্ট হবে না
হত্যা ও গুমের মামলা তাড়াতাড়ি শেষ করতে সামারি কোর্ট স্থাপন করা হবে না বলে মঙ্গলবার সংসদে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।
বিএনপির সংসদ সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির লিখিত এক প্রশ্নে তিনি বলেন, “সামারি কোর্টের মাধ্যমে হত্যা ও গুম অপরাধ সংক্রান্ত মামলা নিষ্পত্তি করার কোনো বিধান নেই।”
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে চাঞ্চল্যকর ও গুরুত্বপূর্ণ ফৌজদারি মামলাগুলো মনিটরিং সেল কর্তৃক সমন্বয়ের মাধ্যমে দ্রুত নিষ্পত্তিব ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে,” বলেন মন্ত্রী।
এ বি এম আশরাফ উদ্দিন নিজানের আরেক প্রশ্নের জবাবে শফিক আহমেদ বলেন, বিচার বিভাগের ওপর সরকারের হস্তক্ষেপের কারণে স্বাধীন বিচার ব্যবস্থা বাধাগ্রস্ত হচ্ছে বলে বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত সংবাদ ভিত্তিহীন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৮০০ ঘ.
bdnews24