ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিক হত্যার বিচার ত্বরান্বিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনসহ ছয়দফা দাবিতে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দিয়েছে সাংবাদিকরা।
এই স্মারকলিপি দেওয়ার জন্য মঙ্গলবার দুপুরে সাংবাদিক সংগঠনগুলোর প্রতিনিধিরা পদযাত্রা করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে এগোতে থাকলে পুলিশ হাইকোর্টের সামনে তাদের আটকে দেয়।
পরে প্রদানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব আবুল কালাম আজাদ সেখানে গিয়ে সাংবাদিকদের কাছ থেকে স্মারকলিপি নিয়ে যান।
এ সময় আবুল কালাম আজাদ বলেন, “গণমাধ্যম কর্মীদের প্রতি আমাদের প্রধানমন্ত্রীর মমত্ব অসীম। আপনাদের যাতে কষ্ট করে পদযাত্রা করে তার কার্যালয় পর্যন্ত যেতে না হয়- সে জন্যই আমাকে এখানে পাঠিয়েছেন। আমি আপনাদের স্মারকলিপি নিয়ে যাচ্ছি, তার কাছে পৌঁছে দেব।
সাংবাদিকদের দাবিগুলো হলো- সাগর-রুনিসহ সব সাংবাদিক হত্যার বিচার ত্বরান্বিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন; এই ট্রাইব্যুনালে সাংবাদিক নির্যাতনকারী এবং গণমাধ্যমের কার্যালয়ে হামলাকারীদের বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা; স্বাধীন গণমাধ্যমের পথে অন্তরায় সৃষ্টিকারী সব ‘কালা কানুন’ বন্ধে আইন প্রণয়ন করা।
এছাড়া সাংবাদিকদের ট্রেড ইউনিয়ের অধিকার, ওয়েজ বোর্ড অনুযায়ী বেতন ভাতা ও সুযোগ সুবিধা ও চাকরির নিশ্চয়তা বিধান করা; ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের ওয়েজ বোর্ডের আওতায় আনা; প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সুষ্ঠু বিকাশের জন্য জাতীয় গণমাধ্যম নীতিমালা প্রণয়ন এবং এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানকে গ্রেপ্তার ও বিচারেরও দাবি জানিয়েছেন তারা।
প্রধানমন্ত্রীর প্রেস সচিবের হাতে স্মারকলিপি হস্তান্তরের পর আবার পদযাত্রা করে প্রেসক্লাবে ফিরে যান সাংবাদিকরা।
এর আগে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী বলেন, “এটিএন বাংলা ও এটিএন নিউজের মালিক মাহফুজুর রহমান লন্ডনে সাগর-রুনি সর্ম্পকে আপত্তিকর ও মানহানিকর বক্তব্য দিয়েছেন। স¤প্রতি প্রধানমন্ত্রীর নামেও মানহানিকর বক্তব্য দিয়েছেন তিনি। আমারা গতকালই তাকে গ্রেপ্তারের দাবির সঙ্গে সঙ্গে তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছি।”
মাহফুজুর রহমান যাতে পালাতে না পারেন- সেজন্য ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তিনি।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের অপর অংশের সভাপতি রুহুল আমিন গাজী পদযাত্রায় মাহফুজুর রহমানকে ‘আত্মস্বীকৃত খুনি’ আখ্যায়িত করে বলেন, “অবিলম্বে এটিএন বাংলা ও এটিএন নিউজের স¤প্রচার বন্ধ করে দিতে কেবল অপারেটরদের অনুরোধ জানাচ্ছি। সেইসঙ্গে এটিএন বাংলা ও এটিএন নিউজের টক শোতে অংশ না নেওয়ার জন্য শিল্পী ও রাজনৈতিক ব্যক্তিত্বদের অনুরোধ জানাচ্ছি।”
গত ৩০ মে লন্ডনে এক অনুষ্ঠানে সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির হত্যাকাণ্ড নিয়ে বিভিন্ন মন্তব্য করেন এটিএন বাংলা চেয়ারম্যান। এক পর্যায়ে তিনি সাংবাদিক দম্পতিকে ‘পরকীয়ার বলি’ বলেও উল্লেখ করেন।
ওই মন্তব্যের পর সাংবাদিকসহ বিভিন্ন মহলে তীব্র সমালোচনা ও মাহফুজকে গ্রেপ্তারের দাবি ওঠে।
সাগর-রুনি হত্যাকাণ্ডের প্রতিবাদে সোমবার মানববন্ধনের সময় এক সাংবাদিক নেতার ওপর এটিএন বাংলার কর্মীদের হামলার ঘটনার পর এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানকে অবাঞ্ছিত ঘোষণা করে সাংবাদিক সংগঠনগুলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এমডি/জেকে/১৪৩০ ঘ.
bdnews24