২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্যায় সিলেটে পানিবন্দি লাখো মানুষ

উজানের পাহাড়ী ঢল ও বৃষ্টিতে সিলেটের চার উপজেলা এবং সুনামগঞ্জের তিন উপজেলার নিচু এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2012, 07:12 AM

Updated : 24 Aug 2022, 11:37 AM

সিলেট/সুনামগঞ্জ, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উজানের পাহাড়ী ঢল ও বৃষ্টিতে সিলেটের চার উপজেলা এবং সুনামগঞ্জের তিন উপজেলার নিচু এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও কানাইঘাট উপজেলায় প্রায় এক লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এসব এলাকার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। সিলেট- গোয়াইনঘাট সড়কে বন্ধ হয়ে গেছে যান চলাচল। জেলা প্রশাসনের বন্যা নিয়ন্ত্রণ কক্ষ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে অতিরিক্ত জেলা প্রশাসক জানান। তিনি বলেন, গোয়াইনঘাট উপজেলায় ২০টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। অন্য উপজেলাগুলোতেও বরাদ্দের প্রক্রিয়া চলছে। কয়েকটি স্কুল-কলেজে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এছাড়া দুর্গত এলাকায় পনি বিশুদ্ধকরণ ট্যাবলেট, শুকনো চিড়া ও বিস্কুট বিতরণ করা হচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। সিলেট পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী শৈলেন চন্দ্র দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপদসীমার ১৯৪ সেন্টিমিটার এবং সুনামগঞ্জ পয়েন্টে ৩৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া কুশিয়ারা নদীর পানি জকিগঞ্জের অমলসিদে বিপদসীমার ২৪ সেন্টিমিটার ও বিয়ানীবাজারের শেওলা পয়েন্টে ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গোয়াইনঘাট উপজেলার জাফলং, বিছনাকান্দি এবং কানাইঘাট উপজেলার লোভাছড়া পাথর কোয়ারি পানির নিচে তলিয়ে যাওয়া পাথর তোলা বন্ধ হয়েছে গেছে। এতে লক্ষাধিক শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে বলে জানায় উপজেলা প্রশাসন। মঙ্গলবার থেকে কানাইঘাট, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলা সদরেও পানি ঢুকতে শুরু করেছে। সুরমা, কুশিয়ারা, সারি, ধলই ও পিয়াইন নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে বলে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডর নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান জানান, টানা বর্ষণের কারণে সুনামগঞ্জ সদর, দোয়ারাবাজার ও ছাতক উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। মঙ্গলবার দুপুর থেকে সুনামগঞ্জ শহরের তেঘরিয়া ও আশেপাশের এলাকাতেও বন্যার পানি ঢুকতে শুরু করেছে। মঙ্গলবার বেলা ৩টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এ জেলায় ৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/জেকে/১৮১৮ ঘ.