২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনার মেয়রের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা

আদালত প্রাঙ্গণে মিছিল-সমাবেশ ও বিচারককে হুমকি দেওয়ার অভিযোগে বরগুনা পৌরসভার মেয়র মো. শাহাদাত হোসেনের বিরুদ্ধে সদর থানায় মামলা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2012, 12:29 PM

Updated : 24 Aug 2022, 11:36 AM

বরগুনা, ২৫ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালত প্রাঙ্গণে মিছিল-সমাবেশ ও বিচারককে হুমকি দেওয়ার অভিযোগে বরগুনা পৌরসভার মেয়র মো. শাহাদাত হোসেনের বিরুদ্ধে সদর থানায় মামলা করা হয়েছে। এছাড়া আরেকটি মামলায় আদালতে হাজির না হওয়ায় মেয়রের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে জেলা জজ আদালতের মূখ্য বিচারিক হাকিম মাইনুল হক। রোববার সন্ধ্যায় বরগুনার মূখ্য বিচারিক আদালতের ভারপ্রাপ্ত নাজির আক্তার হোসেন বাদি হয়ে সদর থানায় দ্রুত বিচার আইনে মেয়রসহ পাঁচ কাউন্সিলর ও আদর্শ ভাষাণ ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম আহাদ সোহাগের নাম উল্লেখকরে দু’শতাধিক ব্যক্তির নামে ওই মামলা করেন। বরগুনা সদর থানার ওসি জাকির হোসেন ফকির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মামলার তদন্তের জন্য র‌্যাবকে দায়িত্ব দেওয়া হয়েছে। ওসি জাকির হোসেন আরো বলেন, জজ কোর্টের নৈশ প্রহরী মাইনুল ইসলামের দায়ের করা চাঁদাবাজির মামলায় আদালতে হাজিরা না দেওয়ার আদালত অবমাননার অভিযোগে ২৪ ঘন্টা মধ্যে মেয়রকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে মূখ্য বিচারিক হাকিম আদালত। আইনজীবী ও আদালত সূত্রে জানা গেছে, বরগুনা জেলা জজ আদালতের সামনের মূখ্য বিচারিক হাকিম আদালত ভবন তৈরির জন্য বরাদ্দকৃত ও আদালতের ভোগদখলে থাকা একটি পুকুর পৌর মেয়র সম্প্রতি বিকাশ চন্দ্রকে ইজারা দেয়। কিন্তু জেলা জজের নৈশ প্রহরী মাইনুল ইসলাম ইজারাদারকে চাঁদা আদায়ে বাধা দেয়। এ নিয়ে হাতাহাতির ঘটনায় মাইনুল বাদি হয়ে সদর থানায় একটি চাঁদাবাজির মামলা করে। ওই মামলায় তদন্ত প্রতিবেদন পাওয়ার পরে বুধবার মূখ্য বিচারিক হাকিম মইনুল হক মেয়রের বিরুদ্ধে সমন জারি করেন। ওইদিন মেয়র আদালতে উপস্থিত হননি। পরদিন বৃহস্পতিবার বেলা বারোটার দিকে সমর্থকদের নিয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অপসারণ দাবিতে মিছিল করেন শাহাদাত হোসেন। মিছিল শেষে জেলা জজ আদালতের সামনে মাইক দিয়ে সমাবেশ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/১৮২৫ ঘ.