২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে এটিএন বাংলা-এটিএন নিউজ সম্প্রচার বন্ধ

এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান মাহফুজুর রহমান সাংবাদিক দম্পতিদের নিয়ে বিতর্কিত বক্তব্য দেওয়ায় এবং প্রেসক্লাবে সাংবাদিকদের হাতাহাতির ঘটনায় কিশোরগঞ্জে চ্যানেল দুটির স¤প্রচার বন্ধ করে দিয়েছে ক্যাবল অপারেটররা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2012, 11:43 AM

Updated : 24 Aug 2022, 11:36 AM

কিশোরগঞ্জ, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান মাহফুজুর রহমান সাংবাদিক দম্পতিদের নিয়ে বিতর্কিত বক্তব্য দেওয়ায় এবং প্রেসক্লাবে সাংবাদিকদের হাতাহাতির ঘটনায় কিশোরগঞ্জে চ্যানেল দুটির স¤প্রচার বন্ধ করে দিয়েছে ক্যাবল অপারেটররা। সোমবার দুপুর ১২টায় কিশোরগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে কিশোরগঞ্জের সাংবাদিক সমাজের ব্যানারে এক মানববন্ধন কর্মসূচিতে চ্যানেল দুটির স¤প্রচার বন্ধের আহ্বান জানালে দুপুর ১টা থেকে অনির্দিষ্টকালের জন্য তা বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানান কিশোরগঞ্জ ক্যাবল নেটওয়ার্কের সভাপতি লেলিন রায়হান শুভ্র শাহিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সাংবাদিকদের সঙ্গে সংহতি প্রকাশ করে এটিএন বাংলা ও এটিএন নিউজ স¤প্রচার বন্ধের সিদ্ধান্ত নিয়েছি।” মানববন্ধনে প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন সংবাদপত্রে কর্মরত কিশোরগঞ্জের প্রতিনিধিরা অংশ নেয়। সমাবেশে বক্তারা ঢাকায় কর্মসূচি চলাকালে সাংবাদিক সংগঠনের এক নেতাকে এটিএন বাংলার কর্মীদের লাঞ্ছিত করার ঘটনায় নিন্দা জানায় এবং এর বিচার দাবি করে। পাশাপাশি সাংবাদিক মেহেরুন রুনি ও সাগর সরওয়ার সম্পর্কে কটূক্তির অভিযোগে মাহফুজুর রহমানকে গ্রেপ্তারের দাবি জানায় তারা। হত্যাকাণ্ডের চার মাসেও তদন্তের কোনো সুরাহা না হওয়ার মধ্যে সম্প্রতি মাহফুজুর রহমান লন্ডনে এক অনুষ্ঠানে বলেন, সাগর সরওয়ার ও মেহেরুন রুনি পরকীয়ার বলি। নিজ প্রতিষ্ঠানের কর্মী রুনি এবং তার স্বামী সাগরের সম্পর্কে এই মন্তব্যে সাংবাদিক মহলে নিন্দার ঝড় ওঠে। তাকে গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদের দাবি তোলে সাংবাদিকদের সংগঠনগুলো। এরই ধারাবাহিকতায় সাগর-রুনি হত্যাকাণ্ডের প্রতিবাদের আন্দোলনের মধ্যে রোববার প্রেসক্লাবে মানববন্ধনের সময় তাদের নিয়ে বিতর্কিত বক্তব্যের জন্য মাহফুজুর রহমানের বিরুদ্ধে বক্তব্য দেওয়ায় ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধানের দিকে তেড়ে যান এটিএন বাংলার একদল সাংবাদিক, যা পরে হাতাহাতিতে রূপ নেয়। তবে ওই ঘটনা সম্পর্কে এটিএন বাংলার সাংবাদিকদের দাবি, তাদের ওপরই আক্রমণ হয়েছিল। গত ১১ ফেব্রুয়ারি রাজধানীতে নিজের বাসায় খুন হন সাগর ও রুনি। এরপর প্রায় চার মাসেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৭৪১ ঘ.