সিলেট, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমি নিয়ে বিরোধের জের ধরে সিলেটের কানাইঘাটে প্রতিপক্ষের হামলায় এক শিক্ষক নিহত হয়েছেন।
সোমবার সকাল ৮ টায় বড়বন্দ তৃতীয়খণ্ড গ্রামে এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।
নিহত আব্দুল মোমিন (২৫) কানাইঘাট উপজেলার বড়বন্দ তৃতীয়খণ্ড গ্রামের মাস্টার আজিজুল হকের ছেলে। তিনি সিলেট মডেল স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক ছিলেন।
কানাইঘাট থানার ওসি রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উপজেলার সনাতন পুঞ্জি এলাকার একটি পাহাড়টিলা নিয়ে বড়বন্দ তৃতীয়খণ্ড গ্রামের দ’ুপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।
এর জের ধরে সোমবার সকাল ৮ টার দিকে প্রতিপক্ষের লোকজন আব্দুল মোমিনকে তার বাড়ির পাশেই দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে হামলা চালালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওসি জানান, পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ প্রতিনিধি/এমএইচপি/১৩২৫ঘ.
bdnews24