নারায়ণগঞ্জ, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় শুক্রবার রাতে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে।
এলাকাবাসী সফিকুল (২৪) নামের ওই যুবককে আটক করলেও সালিশের পর তাকে ছেড়ে দেওয়া হয়।
আড়াইহাজার থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আশরাফুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বখাটে সফিকুলের বিরুদ্ধে রোববার বিকালে আড়াইহাজার থানায় একটি মামলা হয়েছে।
নিরাপত্তার কারণে মেয়েটিকে থানায় নিয়ে এই মামলা করা হয়। তাকে এখন আড়াইহাজার থানা হেফাজতে রাখা হয়েছে।
আগামীকাল ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে বলে এই পুলিশ কর্মকর্তা জানান।
ধর্ষণের শিকার মেয়েটি উপজেলার ফতেহপুর ইউনিয়নের ছোট সাদারদিয়া গ্রামের বাসিন্দা। আসামি সফিকুল একই গ্রামের আব্দুল হকের ছেলে।
আড়াইহাজার থানার ওসি সৈয়দ নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুলিশ মেয়েটিকে থানা হেফাজতে নিয়ে তাকে বাদী করিয়ে সফিকুলের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছে।”
মামলার বরাত দিয়ে তিনি বলেন, শুক্রবার রাত ৯টার দিকে ওই কিশোরী কর্মস্থল জামান স্পিনিং মিলে যাওয়ার পথে সফিকুল তাকে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে।
মেয়েটির চিৎকারে লোকজন গিয়ে সফিকুলকে আটক করে। কিন্তু সালিশের পর তাকে ছেড়ে দেওয়া হয়। এরপর থেকে সে পলাতক রয়েছে। গ্রেপ্তারের চেষ্টা চলছে, বলেন ওসি।
এলাকাবাসী জানায়, এ ঘটনায় ফতেপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের সদস্য তোফাজ্জল হোসেনের নেতৃত্বে গ্রাম্য শালিশে সফিকুলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর সফিকুলকে ছেড়ে দেওয়া হয়।
এতে কিশোরীর পরিবার রাজী না হলে তোফাজ্জল হোসেন ও সফিকুলসহ তাদের স্বজনরা নানাভাবে হুমকি দিচ্ছে বলেও কিশোরীর পরিবার জানায়।
এ ব্যাপারে ইউপি সদস্য তোফাজ্জল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সালিশে সফিকুল ধর্ষণের কথা অস্বীকার করেছে। তবে কিশোরীর হাত ধরা ও তাকে তুলে নেওয়ার অপরাধে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”
কিশোরীর পরিবারকে হুমকি দেওয়ার কথা তিনি অস্বীকার করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/২২০৯ ঘ.
bdnews24