ফরিদপুর, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসমানীরে দেখতে যদি তোমরা সবে চাও/রহিমুদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। বাড়ি তো নয় পাখির বাসা ভেন্না পাতার ছানি/একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি।
পল্লীকবি জসীম উদ্দীনের এই ‘আসমানী’ কবিতার চরিত্র বৃদ্ধা আসমানী বেগমকে (৯০) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার সকালে ফরিদপুর সদরের রসুলপুর গ্রামের বাড়িতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ফরিদপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
রোববার দুপুরে সেখান থেকে স্থানান্তর করা হয় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে।
আসমানীর বড় মেয়ে আলেয়া বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জ্বর ও প্রচুর বমি করার কারণে মা অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে আসি।”
ফরিদপুরের সিভিল সার্জন ডা. সিরাজুল হক তালুকদার বলেন, আসমানীর চিকিৎসার জন্য তার (সিভিল সার্জন) নেতৃত্বে ছয় সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।
বোর্ডের অন্য সদস্যরা হলেন ডা. ঊষারঞ্জন চক্রবর্তী, ডা. এমএম বদিউজ্জামান, ডা. সৈয়দ ওবায়দুর রহমান, ডা. লুৎফুননাহার ও ডা. আফজাল হোসেন।
সিভিল সার্জন আরো বলেন, আসমানীকে রোববার দুপুরে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
“মেডিক্যাল বোর্ড প্রাথমিকভাবে ধারণা করছে আসমানী দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপে ভুগছেন। এরমধ্যে তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। এখন সিটি স্ক্যান ও উন্নততর চিকিৎসার প্রয়োজন,” বলেন সিভিল সার্জন।
ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মো. শফিকউল্লাহ বলেন, সোমবার সিটি স্ক্যান করার পর আসমানীর মস্তিষ্কে রক্তক্ষরণের বিষয়ে বিস্তারিত জানা যাবে।
তিনি বলেন, “জ্ঞান থাকলেও আসমানী কথা বলতে বা কাউকে চিনতে পারছেন না। আমরা তাকে বিশেষ পর্যবেক্ষণে রেখেছি।”
ফরিদপুরের জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ বলেন, আসমানীর চিকিৎসার ব্যাপারে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের বলা হয়েছে।
রোববার সকালে ফরিদপুর জেনারেল হাসপাতালে আসমানীর চিকিৎসার খোঁজ নিতে যান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল-মামুন ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) মো. জাহাঙ্গীর হোসেন। দুপুর সোয়া ১২টার দিকে তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/১৮৩৮ ঘ.
bdnews24