২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমিন বাজারের ৬ ছাত্র খুনের মামলায় আরো ১ জন রিমান্ডে

সাভারের আমিন বাজারে ছয় ছাত্রকে পিটিয়ে হত্যা করার মামলায় বড়দেশী গ্রামের আলম হোসেন নামের আরেক বাসিন্দাকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের জন্য হেফাজতে পেয়েছে সিআইডি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2012, 10:45 AM

Updated : 24 Aug 2022, 11:36 AM

ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের আমিন বাজারে ছয় ছাত্রকে পিটিয়ে হত্যা করার মামলায় বড়দেশী গ্রামের আলম হোসেন নামের আরেক বাসিন্দাকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের জন্য হেফাজতে পেয়েছে সিআইডি। ঢাকার জ্যেষ্ঠ হাকিম কাজী মো. শহীদুল ইসলাম রোববার হেফাজতের এই আদেশ দেন। আলমকে ১০ দিন হেফাজতে চেয়ে আবেদন করেছিলেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির জ্যেষ্ঠ সহকারী সুপার সিরাজুল ইসলাম। তবে এর চেয়ে সাত দিন কম পেয়েছেন তিনি। পুলিশের ভারপ্রাপ্ত আদালত পরিদর্শক আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোরকে বলেন, আলমকে সতর্কতার সঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত কর্মকর্তাকে বলেছেন বিচারক। এ মামলায় এর আগে গত ২৯ মে রাশেদ ও রানা নামের দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিন করে হেফাজতে পায় সিআইডি। রিমান্ড আবেদনে সিআইডি কর্মকর্তা সিরাজুল বলেন, আসামি রানা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আলমের সম্পৃক্ততার কথা জানিয়েছেন। সেই সূত্র ধরেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। ওই ঘটনায় আর কে কে জড়িত, তা জানার জন্য আলমকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করেন তদন্ত কর্মকর্তা। গত বছরের ১৭ জুলাই শবে বরাতের রাতে আমিন বাজারের বড়দেশী গ্রাম সংলগ্ন কেবলার চরে ঢাকার ছয় ছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়। তাদের সঙ্গে থাকা আল আমিন নামের এক ছাত্র প্রাণে বেঁচে যান। এরপর স্থানীয় বালু ব্যবসায়ী মালেক ডাকাতির অভিযোগ এনে আল আমিনের বিরুদ্ধে একটি মামলা করেন। পরে বিচার বিভাগীয় তদন্তে দেখা যায়, নিহতরা ডাকাত ছিল না এবং এই হত্যাকাণ্ড এড়াতে পুলিশের ভূমিকা যথাযথ ছিল না। এরপর ছয় ছাত্রকে হত্যার অভিযোগে আরেকটি মামলা হয়। ২০ মার্চ বালু ব্যবসায়ী মালেক ও আবদুল হামিদকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে সিআইডি। ১৬৪ ধারায় তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে রাশেদ ও রানার নাম বেরিয়ে আসে বলে সিআইডি কর্মকর্তারা জানান। এ মামলায় এখন পর্যন্ত ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে পাঁচজন কারাগারে ও নয়জন জামিনে আছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমডি/এমআই/১৬৪১ ঘ.