২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়াবা ব্যবসায়ীর বিরুদ্ধে মামলায় রায় জুলাইয়ে

ইয়াবা ব্যবসায়ী আমিন হুদার বিরুদ্ধে দায়ের করা পৃথক দুটি মামলার রায় হবে জুলাই মাসে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2012, 06:41 AM

Updated : 24 Aug 2022, 11:36 AM

ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইয়াবা ব্যবসায়ী আমিন হুদার বিরুদ্ধে দায়ের করা পৃথক দুটি মামলার রায় হবে জুলাই মাসে। ঢাকার চার নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক মো. মোতাহার হোসেন এ রায় দেবেন বলে রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি এস এম রফিকুল ইসলাম। ২০০৭ সালের ২৪ অক্টোবর গুলশানের দুটি বাড়িতে অভিযান চালিয়ে পাঁচ কেজি ইয়াবা ট্যাবলেট, ইয়াবা তৈরির যন্ত্রপাতি ও বিভিন্ন নিষিদ্ধ সামগ্রীসহ আমিন হুদা এবং তার কর্মচারী আহসানুল হককে গ্রেপ্তার করে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে অবৈধ টেলিফোন যন্ত্রপাতি (ভিওআইপি), বিদেশি মদ, ফেনসিডিল, ও আইসপিল উদ্ধার করা হয়। ২৬ অক্টোবর তাদের বিরুদ্ধে গুলশান থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনে র‌্যাব বাদি হয়ে দুটি মামলা করে। একই বছরের ২৭ নভেম্বর আদালতে তাদের দুইজনকে আসামি করে পৃথক দুটি অভিযোগপত্র দাখিল করা হয়। পরের বছর ৩১ জুলাই আমিন হুদা হাইকোর্ট থেকে জামিন পান। পরে জামিন নেন আহসান। ঢাকার এ আদালতে দুই মামলার একটিতে ২২ জন এবং অন্যটিতে ২৪ জন আদালতে সাক্ষ্য দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/১২৩৫ ঘ.