ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের সংঘাতের রাজনীতি উপলব্ধির বাইরে বলে মন্তব্য করেছেন সফররত জার্মান পররাষ্ট্রমন্ত্রী গুইডো ভেস্টারভেল।
দেশের পরিস্থিতি সম্পর্কে অবহিত হতে শনিবার রাজধানীতে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের সময় একথা বলেন তিনি।
জার্মান এই মন্ত্রী শনিবার সকালে দু’দিনের সফরে বাংলাদেশে আসেন। এমন এক সময় তিনি বাংলাদেশ সফর করছেন যখন ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং প্রধান বিরোধী দল বিএনপি আগামী জাতীয় নির্বাচন কার অধীনে অনুষ্ঠিত হবে তা নিয়ে মুখোমুখী অবস্থানে রয়েছে।
মতবিনিময়ের পর ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ড.
ইফতেখারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কেন এই সংঘাত-তিনি আমাদের কাছে জানতে চেয়েছেন।”
জার্মান মন্ত্রীকে উদ্ধৃত করে ইফতেখারুজ্জামান বলেন, “আমি বুঝি না কেন এই সংঘাত। ইউরোপে বিরোধী দলগুলোর সঙ্গে আমাদের প্রতিযোগিতামূলক সম্পর্ক রয়েছে। কিন্তু, এখানে (বাংলাদেশ) তার চিত্র ভিন্ন।”
তিনি বলেন, “আমরা তাকে (ভেস্টারভেল) বলেছি, এখানে রাজনৈতিক সংঘাত মূলত ব্যক্তিত্বভিত্তিক। রাজনীতি এবং ব্যবসা পরস্পর সম্পর্কিত। তাই রাজনীতি অর্থ কামানোর হাতিয়ার হিসেবে কাজ করে।”
সেন্টার ফর মাস এডুকেশন ইন সায়েন্স এর নির্বাহী পরিচালক ও নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূসের ছোট ভাই ড. মোহাম্মদ ইব্রাহিম, দাতব্য সংস্থা কারিতাসের ডি রোজারিও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
ইফতেখারুজ্জামান জানান, শাসন ব্যবস্থা ও সুশীল সমাজের কর্মকাণ্ড ৩০ মিনিটব্যাপী এ মতবিনিময়ে প্রাধান্য পায়।
সুশীল সমাজের প্রতিনিধিরা জার্মান মন্ত্রীকে বলেন যে, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে উদ্ভূত সংকটের এক সময় নিরসন হবে।
ইফতেখারুজ্জামান বলেন, “সব রাজনৈতিক দলই নির্বাচনে জিততে চায়, আর এটাই সংঘর্ষের কারণ।”
তিনি বলেন, আমরা তাকে বলেছি এক পর্যায়ে সব রাজনৈতিক দল একমত হবে এবং সবার অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠিত হবে।
সুশীল সমাজ ও গণমাধ্যম তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে কি না তিনি তা জানতে চান, বলেন ইফতেখার।
“আমরা তাকে (ভেস্টারভেল) বলেছি- সুশীল সমাজ ও গণমাধ্যম সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করলে তারা চ্যালেঞ্জের সম্মুখীন হয়।”
জানতে চাইলে টিআইবির নির্বাহী পরিচালক জানান, গ্রামীণ ব্যাংক ও ড.ইউনূসের বিষয়ে জার্মান মন্ত্রীর সঙ্গে কোনো আলোচনা হয়নি।
“আমরা আলোচনার সময় এমনকি গ্রামীণ ব্যাংক ও মোহাম্মদ ইউনূসের নামও উচ্চারণ করিনি,” বলেন তিনি।
বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে ভেস্টারভেল বলেন, “আমি এখানে কিছু শেখাতে (লেসন) আসিনি।”
তবে তিনি বাংলাদেশে গণতন্ত্র জোরদার, মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন এবং আইনের শাসন প্রতিষ্ঠায় সব রাজনৈতিক পক্ষকে একযোগে কাজ করার আহ্বান জানান।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের মত তিনিও ট্রেড ইউনিয়ন নেতা আমিনুল ইসলাম হত্যাকাণ্ড এবং বিএনপি নেতা এম ইলিয়াস আলী গুম হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন।
ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতির দেশ জার্মানি গত চল্লিশ বছরে উন্নয়ন-সহায়তা হিসাবে বাংলাদেশকে ২০০ কোটি ইউরো দিয়েছে। বর্তমানে দুই দেশের বাণিজ্যের পরিমাণ ৪০০ কোটি ডলারের বেশি।
ইউরোপীয় দেশগুলোর মধ্যে জার্মানির সঙ্গেই বাংলাদেশের বাণিজ্যের পরিমাণ সবচেয়ে বেশি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এইচএএইচ/ডিডি/এইচএ/২৩৫৩ ঘ.
bdnews24