আল-ইমরান শোভন
চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুর, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেঘনার প্রবল ভাঙনে চাঁদপুর সদরের লক্ষ্মীপুর গ্রামের শতাধিক বসতবাড়ি বিলীন হয়ে গেছে। আতঙ্কে রয়েছে নদীতীরে বসবাসকারী আরো বহু পরিবার।
গত দু’সপ্তাহের এই ভাঙনে আতঙ্কিত লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের এই গ্রামের কেউ কেউ বসতঘর সরিয়ে নিচ্ছে।
শনিবার দুপুরে ভাঙন এলাকা পরিদর্শন করেন চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের সেকশন অফিসার (এসও) মো. আবু তাহের নিজামী।
তিনি বলেন, “গত ক’দিন ধরে এলাকায় ব্যাপক ভাঙন চলছে। খবর পেয়ে অবস্থা দেখতে এসেছি। ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।”
লক্ষ্মীপুর গুচ্ছ গ্রামের উত্তর পাশ থেকে হরিণা ফেরিঘাট পর্যন্ত ১২শ’ ৭৬ মিটার এলাকা রক্ষার জন্য ৩৫ কোটি টাকার একটি প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।
চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জীবন কৃষ্ণ দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দীর্ঘদিন ধরে লক্ষ্মীপুর থেকে হরিণা ফেরিঘাট এলাকায় মেঘনা নদীর ভাঙন চলছে। তবে গত দু’সপ্তাহ ধরে এই নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ভাঙন বৃদ্ধি পেয়েছে। ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
লক্ষ্মীপুর গ্রামের জাকির হোসেন মৃধা (৩৫), মো. হাসান (৩০) ও মোজাম্মেল (৩৮) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মেঘনার পানি বৃদ্ধি পাওয়ায় গত ক’দিন ধরে এলাকায় ভাঙন চলছে। এতে শতাধিক পরিবার বসতঘর হারিয়েছে। কিন্তু ভাঙন প্রতিরোধে কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি।
ইতোমধ্যে তিন কিলোমিটার নদীতীর মেঘনায় বিলীন হয়েছে বলেও তারা দাবি করেন।
গ্রামের বৃদ্ধা রওশন আরা (৫৫) বলেন, “বাবা যেমনে ভাংতাছে আমরা কই যামু? কেউ আমাগো খবর নেয় না। আমাগো কী অইবো? আমরা কি পথের ধারে থাকমু?”
এলাকার জাকির হোসেন বলেন, এলাকাবাসীর পক্ষ থেকে পাউবো’র কাছে এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে কোনো লাভ হয়নি। ভাঙন প্রতিরোধে এখনই ব্যবস্থা না নিলে এই গ্রামের অনেক বসতঘর নদীতে বিলীন হয়ে যাবে।
ভাঙন প্রতিরোধের জন্য শিগগিরই এখানে বালির বস্তা ফেলতে হবে বলে তিনি জানান।
জাকির আরো বলেন, গত তিন বছরে তাদের শতাধিক একর জমি মেঘনায় বিলীন হয়েছে। এখন বাকি যা আছে তা’ও যাওয়ার পথে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৩৭ ঘ.
bdnews24