নেত্রকোনা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেত্রকোনার পূর্বধলা উপজেলায় পুলিশের উপর হামলার মামলায় ২৬ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন জায়গা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পূর্বধলা থানার ওসি (তদন্ত) এএসএম নাসিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পূর্বধলার জামধলা গ্রামের সবুজ মিয়া ও আমির উদ্দিনের মধ্যে যৌথ উদ্যোগের একটি হাঁসের খামার নিয়ে বিরোধ চলছিল। আমির উদ্দিনের বিরুদ্ধে সবুজ মিয়ার প্রতারণার অভিযোগ তদন্তের জন্য শুক্রবার সন্ধ্যায় দুই কর্মকর্তা জামধলা বাজারে যান।
রাতে আমির উদ্দিন লোকজন নিয়ে ওই পুলিশ কর্মকর্তাদের ওপর হামলা চালান।
এ সময় পুলিশ কর্মকর্তারা তিন রাউন্ড ফাঁকা গুলি চালিয়ে একটি পুকুরে ঝাঁপ দেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে।
এ ঘটনায় শুক্রবার রাতেই এসআই আরিফুর রহমান বাদী হয়ে আমির উদ্দিনসহ ৪০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরো ২৫০ জনকে আসামি থানায় মামলা করেছেন।
এ ছাড়াও প্রতিপক্ষ সবুজ মিয়ার লোকজনের উপর হামলা ও জামধলা বাজারে তাদের দোকান ভাংচুরের অভিযোগে আমির উদ্দিনসহ ১৮ জনকে আসামি করে দ্রুত বিচার আইনেও একটি মামলা হয় বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/২০৫৫ ঘ.
bdnews24