মৌলভীবাজার, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ‘গাড়ি থানায় নিয়ে যাওয়ায়’ মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার ওসি মো. আব্দুল্লাহকে শনিবার রাতে ছুরিকাঘাত করেছে এক যুবক।
হামলার পর চিনু রায় (৩৫) নামের ওই যুবককে ধরে ফেলেন ওসি। চিনু শ্রীমঙ্গল সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বানুলাল রায়ের ছোট ভাই।
আব্দুল্লাহকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।
শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) নীহাররঞ্জন দেবনাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলা সদর জামে মসজিদ থেকে রাত ৯টার দিকে এষার নামাজ পড়ে বের হওয়ার পর ওসির উপর হামলা চালানো হয়।
তিনি বলেন, দুপুরে শহরের হবিগঞ্জ সড়কে চিনু তার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে নিজের প্রাইভেট কার পার্কিং করেন। এতে সড়কে যানজট সৃষ্টি হলে ওসি তাকে গাড়িটি সরিয়ে নিতে বলেন।
কিন্তু চিনু তা না শোনায় ওসি গাড়িটি থানায় নিয়ে যান।
এ ঘটনার জের ধরে চিনু এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। চিনুকে থানা হাজতে রাখা হয়েছে, বলেন ওসি।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. নজিবুস শহীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডান হাত এবং পিঠে সেলাই দেওয়া হয়েছে। অবস্থা এখন আশঙ্কামুক্ত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৪৪ ঘ.
bdnews24