২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিখোঁজ যুবককে পাওয়া গেল হাইকোর্টের সামনে

ঢাকার কেরানীগঞ্জ থেকে তিনদিন আগে নিখোঁজ হওয়া এক যুবককে ঢাকার হাইকোর্ট এলাকা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2012, 09:42 AM

Updated : 24 Aug 2022, 11:36 AM

ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার কেরানীগঞ্জ থেকে তিনদিন আগে নিখোঁজ হওয়া এক যুবককে ঢাকার হাইকোর্ট এলাকা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। মো. রফিকুল ইসলাম (৩২) নামের ওই যুবক লালবাগের সাগুন কমিউনিটি সেন্টারের ব্যবস্থাপক বলে পুলিশ জানিয়েছে। শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মোক্তার হোসেন জানান, শুক্রবার সকালে খবর পেয়ে হাইকোর্টের সামনে থেকে অচেতন অবস্থায় রফিককে উদ্ধার করা হয়। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। রফিকুলের বাবা শাহাদাত হোসেন হাসপাতালে সাংবাদিকদের জানান, গত মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে কেরানীগঞ্জের আগানগরের বাসা থেকে মতিঝিল যাওয়ার জন্য বের হন রফিকুল। এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। রাতে রফিকুল বাসায় না ফেরায় বুধবার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। শাহাদাত হোসেন দাবি করেন, তার ছেলেকে অপহরণ করা হয়েছিলো। তবে কারা কেন তাকে অপহরণ করতে পারে- সে বিষয়ে কিছু বলতে পারেননি তিনি। এসআই মোক্তার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এটি অপহরণের কোনো ঘটনা কি না- তদন্ত না করে তা বলা সম্ভব না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/কিউএইচ/১৫৪০ ঘ.