ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধের মামলায় গ্রেপ্তার দেলাওয়ার হোসাইন সাঈদীর হৃৎপিণ্ডের ধমনীর কয়েকটি ব্লক এনজিওপ্লাস্টির মধ্যে অপসারণ করা হয়েছে।
বর্তমানে তিনি মিরপুর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে রয়েছেন। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তিনি রয়েছেন বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর এই নেতার কৌঁসুলি।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচারের মুখে থাকা সাঈদীকে বুধবার দুপুরে হার্ট ফাউন্ডেশন হাসপাতালে স্থানান্তর করা হয়।
কারা হেফাজতে গত কয়েকদিন তিনি ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত ১৩ জুন বড় ছেলের মৃত্যুর পর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়।
সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার আইনজীবীরা আবেদন করলে উন্নত চিকিৎসার জন্য তাকে হার্ট ফাউন্ডেশন হাসপাতালে পাঠানোর নির্দেশ দেয় ট্রাইব্যুনাল।
সাঈদীর কৌঁসুলি তাজুল ইসলাম রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হার্ট ফাউন্ডেশন হাসপাতালে সাঈদীর এনজিওপ্লাস্টি হয়েছে। তার হৃৎপিণ্ডের ধমনীর ব্লকগুলো অপসারণ করা হয়েছে।
“চিকিৎসকরা উনাকে পর্যবেক্ষণে রেখেছেন। তিনি রয়েছেন সিসিইউতে,” বলেন তিনি।
তবে সাঈদীর চিকিৎসার বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি হার্ট ফাউন্ডেশন হাসপাতালের কেউ। নজরুল ইসলাম নামে এক চিকিৎসক শুধু বলেন, “আমাদের বলা হয়েছে, তার (সাঈদী) চিকিৎসার বিষয়ে কাল (বৃহস্পতিবার) হাসপাতালের পরিচালক সাংবাদিকদের ব্রিফ করবেন।”
গত ১৪ জুন প্যারোলে মুক্তি পেয়ে বড় ছেলে রফিক বিন সাঈদীর জানাজায় অংশ নেন জামায়াতের নায়েবে আমির সাঈদী। এরপর নিজেই অসুস্থ হয়ে পড়লে ট্রাইব্যুনালের আদেশে তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়।
২০১০ সালের ২৯ জুন সাঈদী অন্য একটি মামলায় গ্রেপ্তার হন। এরপর তাকে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
একাত্তরে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালে গণহত্যা, হত্যা, ধর্ষণ, লুণ্ঠন, অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী বিভিন্ন অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতের এই নেতার বিচার চলছে।
বুধবার উন্নত চিকিৎসার পাশাপাশি সাঈদীর মামলার সাক্ষ্যগ্রহণ ও জেরা মুলতবির আবেদনও ট্রাইব্যুনালে করেন তার আইনজীবীরা।
তবে বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল সেই আবেদন খারিজ করে দেয়।
ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের চিকিৎসকদের সনদ দেখিয়ে আইনজীবীরা বলেন, সাঈদীর হৃদপিণ্ডে চারটি ব্লক ধরা পড়েছে। চিকিৎসকরা আরও দুটি পরীক্ষা করতে বলেছেন। এ কারণে তাকে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে নেওয়া প্রয়োজন।
শুনানি শেষে বিচারক সাঈদীকে অন্য হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেন এবং এ ব্যাপারে কারা কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে বলেন।
তবে জেরা মুলতবির আবেদন খারিজ করে বিচারপতি নিজামুল হক বলেন, দীর্ঘ সময় অসুস্থ থাকার ক্ষেত্রে মামলার কার্যক্রম মুলতবির কোনো সুযোগ আন্তর্জাতিক অপরাধ আদালত আইনে নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এমআই/২৩২৫ ঘ.
bdnews24