কক্সবাজার, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারে ইসলামী ঐক্যজোট ও নেজামে ইসলামীর গ্রেপ্তার সাতজনের একজনকে পুলিশ হেফাজতে এবং বাকিদের কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।
কক্সবাজারের জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম শাহেদুল করিম বুধবার হেফাজতে নেওয়ার আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন।
একদিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে হ্নীলা দারুস সুন্নাহ মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবছার উদ্দিন চৌধুরীকে।
মিয়ানমারে রাখাইন ও রোহিঙ্গাদের দাঙ্গায় উস্কানি দেওয়ার অভিযোগে সোমবার জেলা শহরের একটি রেস্টুরেন্ট থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
কক্সবাজার মডেল থানার ওসি কামরুল হাসান বলেন, গ্রেপ্তারদের অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের হেফাজতে নেওয়ার আবেদন করা হয়েছিল। আদালত একজনকে একদিনের হেফাজত ও ৬ জনকে কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে।
গ্রেপ্তাররা হলেন ইসলামী ঐক্যজোটের কক্সবাজার জেলা সহ-সভাপতি ইনামুল হক, সহ-সভাপতি আ. হ. ম. নুরুল কবির হিলালী, সহ-সভাপতি হাফেজ আবদুল হক, হ্নীলা মাদ্রাসার অধ্যক্ষ আবছার উদ্দিন চৌধুরী, কাজী এরশাদুল্লাহ, হাফেজ আবু বকর ও ইসলামী ছাত্র সমাজের জেলা সাধারণ সম্পাদক হাফেজ আবুল মনজুর।
ওসি আরো বলেন, রোহিঙ্গাদের পক্ষে কোনো ধরনের বক্তব্য, সমাবেশ কিংবা সংবাদ সম্মেলন ডাকা সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার সামিল।
“রোহিঙ্গাদের ব্যাপারে সংবাদ সম্মেলন করায় ওই নেতাদের গ্রেপ্তার করা হয়েছে। রোহিঙ্গাদের ব্যাপারে সবধরনের কর্মসূচি সরকারিভাবেই নিষিদ্ধ রয়েছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭৩৯ ঘ.
bdnews24