২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারককে পিটুনি: তিন পুলিশ আদালতে

নরসিংদী জজ আদালতের ফটকে বিচারিক হাকিম মো. ইমান আলী শেখকে মারধরের ঘটনায় হাই কোর্টের তলবে হাজিরা দিয়েছেন জেলার পুলিশ সুপারসহ তিন পুলিশ কর্মকর্তা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2012, 09:10 AM

Updated : 24 Aug 2022, 11:35 AM

ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদী জজ আদালতের ফটকে বিচারিক হাকিম মো. ইমান আলী শেখকে মারধরের ঘটনায় হাই কোর্টের তলবে হাজিরা দিয়েছেন জেলার পুলিশ সুপারসহ তিন পুলিশ কর্মকর্তা। পুলিশ সুপার খন্দকার মুঈদউদ্দিন, নরসিংদী সদর থানার ওসি আশরাফুজ্জান ও গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মামুন রশীদ বুধবার বিচারপতি ফরিদ আহাম্মদ ও জাফর আহমদের বেঞ্চ হাজির হন এবং ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতির আবেদন করেন। শুনানি শেষে আদালত পুলিশ সুপারকে হাজিরা থেকে রেহাই দিলেও বাকি দুই পুলিশ কর্মকর্তাকে ১৯ জুলাই আবারো আদালতে হাজির হতে বলেন। গত ১০ জুন নরসিংদী জজ আদালতের মূল ফটকে বিচারক ইমান আলী শেখকে হেলমেট ও লাঠি দিয়ে পেটায় পুলিশ। তাকে কিল-ঘুষিও মারা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মহিউদ্দিন শামীম পরদিন একটি রিট আবেদন করলে আদালত ওই তিন পুলিশ কর্মকর্তাকে তলব করেন। হাই কোর্টে হাজির হয়ে ওই ঘটনায় নিজেদের ভূমিকা ব্যাখ্যা করতে বলা হয় তাদের। মারধরের ঘটনায় পুলিশের নায়েক মো. আব্দুস সালাম, নায়েক রুহুল আমীন ও কনস্টেবল কলিমউল্লাহকে সাময়িক বরখাস্ত করা হয়। এছাড়া দুটি তদন্ত কমিটি গঠন করে সরকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/আরএ/জেকে/১৫০৯ ঘ.