চট্টগ্রাম, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের আগ্রাবাদে বাসচাপায় এক গার্মেন্ট কর্মীর মৃত্যুর পর প্রায় সাড়ে তিন ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে জনতা।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক জসীমউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার সকাল সোয়া ৮টার দিকে শেখ মুজিব সড়কের যমুনা ভবনের সামনে বাসচাপায় পিন্টু দাশ (৩৩) নামের এক গার্মেন্ট কর্মী গুরুতর আহত হন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পিন্টু চট্টগ্রামের ফ্রাংক গ্রুপের একটি পোশাক কারখানার সুপারভাইজার ছিলেন। তিনি হাতিয়ার দাশের হাটের চরকিন দাশপাড়ার উপেন্দ্র কুমার দাশের ছেলে।
এদিকে দুর্ঘটনার পরপরই পোশাক শ্রমিক ও বিক্ষুব্ধ জনতা শেখ মুজিব সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। তারা দুর্ঘটনার জন্য দায়ী বাসটিসহ দুটি বাসে পুড়িয়ে দেয়। এছাড়া, ফায়ার সার্ভিসের একটি গাড়িসহ তিনটি গাড়ি ভাংচুর করে তারা।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে তাদের সঙ্গে সংঘর্ষে জড়ায় শ্রমিকরা। এ সময় শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ কাঁদানে গ্যাসের কয়েকটি শেল ছোড়ে।
ডবলমুরিং থানার ওসি মতিউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিজিএমইএ, কারখানা মালিক ও প্রশাসনের সঙ্গে বৈঠকের পর বেলা ১২টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকরা অবরোধ উঠিয়ে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
সাড়ে ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত সড়ক অবরোধের কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে সংযোগকারী এ সড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয়। আগ্রাবাদের আশেপাশের এলাকাতেও এর প্রভাব পড়ে।
চট্টগ্রাম নগর গোয়ন্দা পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (বন্দর জোন) হাছান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শ্রমিকদের ছোঁড়া ইটের আঘাতে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।
জীবন বীমা কর্পোরেশনের সেবা বিভাগের ব্যবস্থাপক মোজাম্মেল হক সাংবাদিকদের জানান, বিক্ষুব্ধ শ্রমিকরা তাদের কার্যালয়ের আসবাবপত্র, দুটি কম্পিউটার, দুটি প্রিন্টার এবং কক্ষের আয়না ভাংচুর করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএইচপি/জেকে/১৬২৫ ঘ.
bdnews24