২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিআইও পদে আমিনুলের নিয়োগে ক্ষোভ

তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আমিনুল ইসলামকে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা নিয়োগ করায় ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে বিসিএস ইনফরমেশন অ্যাসোসিয়েশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2012, 03:40 PM

Updated : 24 Aug 2022, 11:34 AM

ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আমিনুল ইসলামকে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা নিয়োগ করায় ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে বিসিএস ইনফরমেশন অ্যাসোসিয়েশন। মঙ্গলবার অ্যাসোসিয়েশনের এক জরুরি সভায় অভিযোগ করা হয়, তথ্য ক্যাডারের বাইরে থেকে প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) পদে পদায়ন নজিরবিহীন। তথ্য ক্যাডারের বাইরের কাউকে এ পদে মেনে নেওয়া হবে না। তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি একেএম শামীম চৌধুরী। সভায় পিআইও পদে অতিরিক্ত সচিব আমিনুল ইসলামের নিয়োগ আদেশ বাতিল করার দাবি জানানো হয়। অতিরিক্ত সচিব আমিনুল ইসলাম তথ্য সাধারণ ক্যাডারে চাকরি শুরু করেন। পরবর্তীতে ক্যাডার পরিবর্তন করে উপসচিব পদে পদোন্নতি নেন। একাধিকবার পদোন্নতি পেয়ে তিনি অতিরিক্ত সচিব হন। সংগঠনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কোন ক্যাডার থেকে উপসচিব হিসেবে পদোন্নতি বা নিয়োগ পাওয়ার পর ওই কর্মকর্তার কোনো ক্যাডার পরিচিতি থাকে না। এ ব্যাপারে উচ্চ আদালতের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। উপসচিব হওয়ার পরই সংশ্লিষ্ট কর্মকর্তার আগের ক্যাডারের নির্ধারিত কোনো পদে তাকে পদায়ন করার আর সুযোগ নেই। সোমবার সরকারের অতিরিক্তি সচিব আমিনুল ইসলামকে প্রধান তথ্য অফিসার হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়। সভায় বলা হয়, বিসিএস নিয়োগ বিধিমালা ’৮১ অনুযায়ী বিসিএস (তথ্য সাধারণ) ক্যাডারের সর্বোচ্চ পদ হিসেবে প্রধান তথ্য কর্মকর্তার পদ সংরক্ষণ করা হয়েছে। এটি সরকারের দ্বিতীয় গ্রেডের পদ। এ পদে বিসিএস তথ্য সাধারণ ক্যাডারের যোগ্য কর্মকর্তা থাকা সত্ত্বেও বাইরের ব্যক্তি পদায়ন করে তথ্য ক্যাডারের কর্মকর্তাদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করা হচ্ছে। স¤প্রতি বিভাগীয় পদোন্নতি কমিটির সভা ডেকেও পদোন্নতি না দিয়ে সভা বাতিল করায় অ্যাসোসিয়েশন ক্ষোভ প্রকাশ করে। সংগঠনের মহাসচিব এএম মোতাহের হোসেন, সদস্য তছির আহমেদ, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, জয়নাল আবেদীন, শচীন্দ্রনাথ হালদার ও হোসনে আরা বেগমসহ প্রায় অর্ধশত কর্মকর্তা সভায় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/২১২৮ ঘ.