জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্দোলনের মুখে উপাচার্যের পদত্যাগের এক মাসের মাথায় এবার অতিরিক্ত শিক্ষক নিয়োগের প্রতিবাদে নতুন উপাচার্যের কার্যালয় অবরোধ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
তারা বলছেন, উপাচার্য বদলালেও নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তন না আসায় তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।
বিদায়ী উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবিরের সময়ে অন্যান্য বিভাগের সঙ্গে প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগের বিপরীতে প্রজ্ঞাপন জারি করা হয়। ৩ এপ্রিল মৌখিক পরীক্ষার দিন ধার্য থাকলেও উপাচার্য পতন আন্দোলনের কারণে তা হয়নি।
পরে এ পরীক্ষার জন্য ১৯ জুন বিকেল ৩টায় নতুন সময় নির্ধারণ করা হয়।
এদিকে এই নিয়োগের প্রতিবাদে দুপুর পৌনে ২টায় শিক্ষক সমাজের ব্যানারে আন্দোলনরত শিক্ষকরা প্রশাসনিক ভবনে অবস্থান নেয়। বিকেল পৌনে ৪টায় উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন বৈঠকে তারা অবরোধ থেকে সরে আসেন।
বৈঠক শেষে শিক্ষক সমাজের আহ্বায়ক অধ্যাপক নাসিম অখতার হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চাকরি প্রার্থী ও বিশেষজ্ঞরা এসে পড়ায়, উপাচার্য তার সম্মান রক্ষার্থে অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানান। তাছাড়া তিনি প্রতিশ্র“তি দিয়েছেন ডিন সিনেট ও সিন্ডিকেট নির্বাচনের আগে এটি সিন্ডিকেটে উঠবে না।”
উপাচার্যের অনুরোধের পরিপ্রেক্ষিতে অবরোধ তুলে নেওয়া হয়েছে বলে জানান তিনি।
গত ১৭ মে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনোয়ার হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২০৪৩ ঘ.
bdnews24