চট্টগ্রাম, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টেকনাফ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ চেষ্টাকারী আরো ১১ রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বিজিবি সদস্যরা।
মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে তাদের একটি ইঞ্জিনচালিত বোটে করে মিয়ানমারের মংডুতে ফেরত পাঠানো হয় বলে জানিয়েছেন বিজিবির ৪২ ব্যাটালিয়ানের কমান্ডিং অফিসার লেফটেন্যন্ট কর্নেল জাহিদ হাসান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার রাত সাড়ে ১০টার দিকে একটি নৌকায় করে টেকনাফের সাবরাং এলাকা দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে তাদের আটক করা হয়।
বিজিবি হেফাজতে ওই সব রোহিঙ্গাদের খাবারসহ মানবিক সহায়তা দেওয়া হয়েছে বলে জানান লেফটেন্যান্ট কর্নেল জাহিদ।
তিনি বলেন, মঙ্গলবার সন্ধ্যা ৭টা পর্যন্ত নতুন করে কোনো রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা হয়নি।
কয়েকদিন বন্ধ থাকার পর রোববার রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত প্রায় ১৪৮ রোহিঙ্গা মিয়ানমার থেকে এসে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালায়। তাদের মধ্যে ১৪৪ জনকে সোমবার বিকালেই ফেরত পাঠায় বিজিবি।
মিয়ানমারের রাখাইন প্রদেশের মংডু জেলায় সম্প্রতি ইসলাম ধর্মাবলম্বী রোহিঙ্গা এবং বৌদ্ধ ধর্মাবলম্বী রাখাইনদের মধ্যে দাঙ্গা শুরু হয়। এরপর থেকেই সংখ্যালঘু রোহিঙ্গারা বাংলাদেশেশ আশ্রয় নেওয়ার চেষ্টা চালায়।
গত বৃহস্পতিবার পর্যন্ত কয়েকশ রোহিঙ্গাকে আটক করে ফেরত পাঠানোর পর অনুপ্রবেশের চেষ্টা কমে আসে বলে বিজিবি কর্মকর্তারা জানান।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এই রোহিঙ্গাদের আশ্রয় দিতে বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছে।
তবে দুই দশক ধরে প্রায় ৫ লাখ রোহিঙ্গা প্রবেশের পর তাদের নিয়ে সঙ্কটে থাকা বাংলাদেশ এই আহ্বান প্রত্যাখ্যান করেছে। নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে কাজ করছে বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/২০৩০ ঘ.
bdnews24