ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালত অবমাননার অভিযোগে চার সচিবসহ ১১ জনের বিরুদ্ধে রুল জারি করেছে হাই কোর্ট।
ওই চার সচিব হলেন- পরিবেশ সচিব মেজবাহ উল আলম, ভূমি সচিব মো. মোখলেসুর রহমান, পানিসম্পদ সচিব শেখ আলতাফ আলী এবং জ্বালানি ও খনিজ সচিব মো. মেজবাহ উদ্দিন।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির এক আবেদনে বিচারপতি মো.আশফাকুল ইসলাম ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের বেঞ্চ মঙ্গলবার এ রুল জারি করে।
আবেদনকারী পক্ষের আইনজীবী ইকবাল কবির লিটন সাংবাদিকদের জানান, সিলেটের পিয়াইন, ডাউকি ও ধলা নদীতে পাথর তোলা বন্ধে হাই কোর্টের আদেশ বাস্তবায়ন না করায় এই রুল দেওয়া হয়েছে।
তিনি বলেন, “২০১০ সালের ১৪ জানুয়ারি ওই নদীগুলো থেকে স্কাবেটর ও বোমা মেশিন দিয়ে পাথর তোলা বন্ধের নির্দেশ দিয়েছিলো হাই কোর্ট। কিন্তু এখনো এ মেশিনগুলো দিয়ে পাথর উত্তোলন করা হচ্ছে।”
আদালত অবমাননার অভিযোগে ১১ জনের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না এবং তাদের ভূমিকা ব্যাখ্যা করতে কেন আদালতে হাজিরের নির্দেশ দেওয়া হবে না, এ মর্মে দুই সপ্তাহের রুল জারি করেছে আদালত।
১১ জনের মধ্যে বাকিরা হলেন- পানি উন্নয়ন বোর্ডের ডিজি এ কে এম শহীদুজ্জামান, পরিবেশ অধিদপ্তরের ডিজি মনোয়ার ইসলাম, সিলেট জেলা প্রশাসক খান মো. বিল্লাহ, মিনারেল রিসোর্স ব্যুরোর পরিচালক আবু মো. নুর আলম, পরিবেশ অধিপ্তরের সিলেটের পরিচালক এস এম ফজলুল করিম চৌধুরী, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখার আহমদ চৌধুরী এবং কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এমআই/১৯০১ ঘ.
bdnews24