ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার নিু আয়ের মানুষের জীবনযাপন স্বচ্ছল করতে আন্তরিকতার সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি দাবি করেছেন, এই কারণেই বিশ্বমন্দার মধ্যেও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় অবস্থায় রয়েছে।
সচিবালয়ের কর্মকতা ও কর্মচারী নেতাদের সঙ্গে মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক বৈঠকে শেখ হাসিনা বলেন, “দ্রব্যমূল্য ও মুদ্রাস্ফীতি আমরা নিয়ন্ত্রণ করে সহনীয় পর্যায়ে নিয়ে এসেছি। খাদ্যের দাম ৩৭ শতাংশ কমে গেছে।”
তিনি বলেন, “বিশ্বমন্দায় জিনিসের দাম কমতে পারে, কেউ তা ভাবতে পারেনি। উন্নত দেশগুলোর পক্ষ থেকে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে, আমরা কীভাবে এটা করেছি।
“দায়িত্ববোধ, আন্তরিকতা ও জনগণের জন্য ভালোবাসা থেকেই আমরা তা করতে পেরেছি।”
“আমি যে চেয়ারে বসে আছি, তাতে জনগণ আমাকে বসিয়েছে। জনগণের জন্য দায়িত্ব ও কর্তব্য আমাদের পালন করতে হবে,” যোগ করেন শেখ হাসিনা।
সরকার পরিকল্পনা করে তা ধরে এগোচ্ছে জানিয়ে তিনি বলেন, “দেশের মানুষের জন্য আমরা কী করব, তা আগে থেকেই ঠিক করা ছিল। বছরওয়ারি কী করব, তাও ঠিক করি আমরা।”
সচিবালয়ের দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান।
সরকারি কর্মচারীদের আরো আন্তরিকতার সঙ্গে কাজ করার আহবান জানিয়ে শেখ হাসিনা বলেন, “আপনাদের জনগণের প্রতি দায়বদ্ধ থাকতে হবে। জনগণের জন্য কাজ করতে হবে। আপনাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করতে হবে।”
সরকারি কর্মচারীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবানও জানান তিনি।
১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনের পর গণআন্দোলনের কথা স্মরণ করে শেখ হাসিনা বলেন, “আমরা তখন যে আন্দোলন করেছি, তা জনগণের স্বার্থে ও দেশের গণতন্ত্রের স্বার্থে করেছি।”
“১৫ ফেব্রুয়ারি সেনা মোতায়েন করে একটা নির্বাচন করা হয়। যে নির্বাচনে কেউ অংশ নেয়নি। বঙ্গবন্ধুর খুনিদের ওই নির্বাচনের মাধ্যমে জাতীয় সংসদের উপনেতা বানানো হয়। জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতেই আমরা আন্দোলন করি,” যোগ করেন তিনি।
প্রধানমন্ত্রী ওই সময়ের আন্দোলনে সরকারি কর্মচারীদের অংশগ্রহণের বিষয়টি উল্লেখ করে বলেন, “সে আন্দোলনে আপনাদেরও ভূমিকা ছিল। আপনারা সেদিন বেরিয়ে আসতে বাধ্য হয়েছিলেন।”
বর্তমান সরকারের সময়ে জাতীয় সংসদের উপ-নির্বাচন এবং সিটি কর্পোরেশন নির্বাচন থেকে শুরু করে স্থানীয় সরকার নির্বাচন মিলিয়ে ৫ হাজার ১৭৫টি নির্বাচন অনুষ্ঠানের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “এর আগে এত শান্তিপূর্ণভাবে এত নির্বাচন হয়নি।
“এত নির্বাচন হয়েছে; কিন্তু, একটাও দুর্ঘটনা না ঘটলে তো জনগণের মনে দাগ কাটে না।”
সেনা সমর্থিত বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, “ওই সরকারের কর্মকাণ্ডে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আতঙ্কগ্রস্ত ও বীতশ্রদ্ধ ছিল।”
দেশে দীর্ঘ সামরিক শাসনের দিকে ইঙ্গিত করে এটাই দেশ পিছিয়ে পড়ার কারণ বলে উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, সচিবালয় কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি নিজামুল ইসলাম ভূইয়া মিলন, সচিবালয় এও পিও লিয়াজো কমিটির সভাপতি রুহুল আমিন, সচিবালয় অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হাসান ইমাম, পিও সমিতির সদস্য মোর্শেদ হাই, এও সমিতির সদস্য আলাউদ্দিন পাটোয়ারী, সচিবালয় কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি শাহজাহান মিয়া এবং সচিবালয় চতূর্থ শ্রেণী কর্মচারী সমিতির সভাপতি হিরণ মিয়া ও সাধারণ সম্পাদক এমদাদুল হক।
সচিবালয়ের কর্মচারীরা তাদের কিছু দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন।
প্রধানমন্ত্রী বলেন, “আপনারা যে সাত দফা দাবি দিয়েছেন, তা পরীক্ষা-নিরীক্ষা করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। তাদের প্রতিবেদন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। আর যেগুলোর সঙ্গে আর্থিক সংশ্লিষ্টতা রয়েছে, সেগুলো অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।”
দাবির ক্ষেত্রে সরকারের আর্থিক সঙ্গতির বিষয়টিও বিবেচনায় রাখতে কর্মকর্তা-কর্মচারীদের প্রতি পরামর্শ দেন তিনি। প্রধানমন্ত্রী আরো বলেন, “চাকরির বয়স বাগানোর দরকার নেই।”
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীল মুখ্যসচিব শেখ ওয়াহেদউজ জামান, মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা, প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানের শুরুতেই প্রধানমন্ত্রীর হাতে নৌকার প্রতিকৃতি এবং ফুল তুলে দেন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী নেতারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৭৫১ ঘ.
bdnews24