ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আশুলিয়ার সব তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়েছে হাই কোর্ট।
একইসঙ্গে ওই এলাকায় কেন পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হবে না- তাও জানাতে বলেছে আদালত।
এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি ফরিদ আহাম্মদ ও জাফর আহমদের বেঞ্চ মঙ্গলবার এই রুল জারি করে।
বাণিজ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, শ্রম সচিব, বিজিএমইএ ও বিকেএমইএর সভাপতি, শ্রম অধিদপ্তরের পরিচালক ও পুলিশের মাহপরিদর্শককে চার সপ্তাহের মধ্যে এর জবাব দিতে হবে।
বেতন বৃদ্ধির দাবিতে গত ১১ জুলাই থেকে এক সপ্তাহ ধরে টানা শ্রমিক অসন্তোষ চলে আশুলিয়া শিল্পাঞ্চলে। শুক্রবার বাদে প্রতিদিনই সড়ক অবরোধ করে পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় পোশাক শ্রমিকরা।
সরকারের পক্ষ থেকে কারখানা মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক করে শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানানো হলেও অস্থিরতা চলতে থাকে। গত শনিবারও অবরোধ-বিক্ষোভ-সংঘাতের পর আশুলিয়া এলাকার সব কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ।
কারখানা বন্ধের এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে বাংলাদেশ গার্মেন্টস টেক্সাটাইল ওয়ার্কাস অ্যাসোসিয়শনের সভাপতি মাহ্বুবুর রহমান ইসমাইল, সমন্বিত গার্মেন্টস ওয়ার্কাস ফেডারেশনের রফিকুল ইসলাম পথিক এবং জাগো বাংলাদেশ গামেন্টর্স শ্রমিক ফেডারেশনের মো. বাহরাইন সুলতান বাহার মঙ্গলবার আদালতে এই রিট আবেদন করেন।
আদালতে তাদের পক্ষে আইনজীবী হিসাবে রয়েছেন ড. কামাল হোসেন ও তানিম হোসেন শাওন।
কামাল হোসেন সাংবাদিকদের বলেন, “শ্রম আইনের ১৩ (১) ধারা অনুযায়ী কারখানা মালিকরা গার্মেন্ট বন্ধের ঘোষণা দেয়। ওই ধারা অনুযায়ী, কোনো প্রতিষ্ঠানে অবৈধ আন্দোলন হলে ওই প্রতিষ্ঠান আংশিক বা সম্পূর্ণভাবে বন্ধ করা যাবে। কিন্তু কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠান বন্ধ না করে বিজিএমইএ ঢালাওভাবে ওই এলাকার সব প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে।”
তিনি বলেন, বিজিএমইএর ঘোষণায় কারখানা খোলার বিষয়েও কোনো নির্দিষ্ট সময় উল্লেখ করা হয়নি। এটাও বেআইনি।
“তাছাড়া এই ঘোষণার ফলে প্রায় ৩০০ কারখানার পাঁচ লাখ শ্রমিককে পথে বসিয়ে দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে জাতীয় অর্থনীতি। এ কারণে আমরা উচ্চ আদালতে এসেছি। আমরা বিষয়টির একটি গ্রহণযোগ্য সামাধান চাই”, বলেন ড. কামাল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/জেকে/১৭০৫ ঘ.
bdnews24