বরিশাল, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের ভাটিখানায় যুবদল কর্মীর হাত কেটে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে।
মঙ্গলবার সকালে যুবদল নেতা জসিম উদ্দিনসহ ১১ জনকে আসামি করে মহানগরীর কাউনিয়া থানায় মামলা করেন যুবদল কর্মী নিজামের বড় ভাই শাহীন হাওলাদার।
মামলায় হত্যার উদ্দেশ্যে কুপিয়ে আহত করার অভিযোগে আনা হয়েছে।
রোববার রাতে নগরীর রোকেয়া আজিম সড়কের হাউজিং মাঠে যুবদল কর্মী নিজামের একটি হাত কেটে নেওয়াসহ দুই পা ও হাতের রগ কেটে দেয় প্রতিপক্ষরা।
ওই ঘটনার পর যুবদল নেতা জসিমসহ দুইজনকে আটক করে পুলিশ। আটক জসীম ও মনিরকে ৫৪ ধারায় আটক দেখিয়ে সোমবার জেল হাজতে পাঠানো হয়েছে।
কাউনিয়া থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, সোমবার রাতে আহত নিজামের বড় ভাই থানায় অভিযোগ জমা দিয়েছেন। মঙ্গলবার সকালে তা এজাহার হিসেবে নথিভুক্ত করা হয়েছে।
এতে যুবদল নেতা জসীম উদ্দিনকে প্রধান করে আরো ১০জনকে আসামি করা হয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এএল/১৬৩৫ ঘ.
bdnews24