২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তথ্য-প্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্র চালু

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সব কর্মকর্তা ও কর্মচারীকে ই-গভর্নেন্স কার্যক্রমের আওতায় আনতে মন্ত্রণালয়ে তথ্য-প্রযুক্তি প্রশিক্ষণ (আইসিটি ট্রেনিং সেন্টার) কেন্দ্র চালু করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2012, 09:36 AM

Updated : 24 Aug 2022, 11:34 AM

ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সব কর্মকর্তা ও কর্মচারীকে ই-গভর্নেন্স কার্যক্রমের আওতায় আনতে মন্ত্রণালয়ে তথ্য-প্রযুক্তি প্রশিক্ষণ (আইসিটি ট্রেনিং সেন্টার) কেন্দ্র চালু করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন মঙ্গলবার নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের সূচনা করেন। পরে তিনি প্রশিক্ষণ কেন্দ্রটি উদ্বোধন করেন। কোরিয়া সরকারের আর্থিক সহায়তায় প্রথমবারের মতো সচিবালয়ে কোন তথ্য-প্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্র চালু হলো। উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেন, “সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়া ও রূপকল্প ২০২১ বাস্তবায়নে সব কর্মকর্তা ও কর্মচারীকে ই-গভর্নেন্সের আওতায় নিয়ে আসা হবে। এটি বাধ্যতামূলক করা হয়েছে। মন্ত্রণালয়ের সব কর্মীকেই আইসিটি কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিতে হবে।” এ কেন্দ্রে প্রথমবার দেড় মাস মেয়াদি প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নেবেন ৩৪ জন কর্মী। তারা সবাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী। তবে পর্যায়ক্রমে সচিবালয়ের অন্য মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীরাও অংশ নিতে পারবেন এ কেন্দ্রের প্রশিক্ষণ কার্যক্রমে। এ সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত তাই ইয়ং চু, স্বরাষ্ট্র সচিব সিকিউকে মুসতাক আহমেদ, অতিরিক্ত সচিব কামাল উদ্দিন আহমেদ, পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকারসহ মন্ত্রণালয়ের কর্মকর্তা ও আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/১৫৩১ ঘ.