২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক হত্যা সরকারের নিন্দায় রিপোর্টার্স উইদাউট বর্ডারস

সাংবাদিক নির্যাতন বন্ধে এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের ওপর ‘চাপ সৃষ্টির’ জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে প্যারিসভিত্তিক এ সংগঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2012, 06:57 AM

Updated : 24 Aug 2022, 11:34 AM

ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিক নির্যাতন বন্ধে এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের ওপর ‘চাপ সৃষ্টির’ জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে প্যারিসভিত্তিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ)। একইসঙ্গে যশোরের ‘গ্রামের কাগজ’ পত্রিকার সাংবাদিক জামাল উদ্দিন হত্যার ঘটনায় নিন্দা জানিয়ে তদন্তের মাধ্যমে দায়ীদের বিচারের আওতায় আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি। সোমবার এ সংগঠনের এক বিবৃতিতে বলা হয়, “স্থানীয় মাদকচক্রের কর্মকাণ্ড নিয়ে একটি প্রতিবেদন লেখার সঙ্গে জামাল উদ্দিন হত্যাকা-ের যথেষ্ট যোগাযোগ আছে বলে ধারণা করা হচ্ছে। সরকারের এ বিষয়টি খতিয়ে দেখা উচিৎ এবং অবিলম্বে দোষীদের বিচারের আওতায় আনা উচিৎ।” গ্রামের কাগজে ওই প্রতিবেদন প্রকাশের পর সন্ত্রাসীরা জামাল উদ্দিনের প্রাণনাশের হুমকি দিলেও পুলিশ তাকে নিরাপত্তা দিতে না পারায় বিষ্ময় প্রকাশ করেছে আরএসএফ। জামাল উদ্দিন হত্যা ছাড়াও বাংলাদেশে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার বিভিন্ন ঘটনা তুলে ধরে বিবৃতিতে বলা হয়, “গত মাসে সমকালের সাংবাদিক এবিএম ফজলুর রহমান এবং বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কয়েকজন সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা হয়েছে। কিন্তু কর্তৃপক্ষ সাংবাদিকদের নিরাপত্তা দেওয়া বদলে তাদের ওপর হামলা চালাচ্ছে ও হুমকির মধ্যে রেখেছে।” গত ১৫ জুন রাত ১১টার দিকে যশোরের শার্শা উপজেলার কাশীপুর বাজারে কয়েকজন সন্ত্রাসী এসে কুপিয়ে, হাত পায়ের রগ কেটে ও চোখ উপড়ে গুরুতর আহত করে জামাল উদ্দিনকে। যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর ওই রাতেই তার মৃত্যু হয়। একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত সংবাদের বরাত দিয়ে আরএসএফের বিবৃতিতে বলা হয়, “পুলিশ স্থানীয় মাদক কারবারি তোতা মিয়ার বাড়ির খড়ের গাদা থেকে হত্যার কাজে ব্যবহৃত একটি রক্তমাখা ছুরি ও তোয়ালে উদ্ধার করে। জিজ্ঞাসাবাদের জন্য তোতা মিয়ার স্ত্রী লতা বেগমকে আটক করা হলেও তোতাকে আটক করতে ব্যর্থ হয় পুলিশ।” বাংলাদেশে গত এক বছরে গণমাধ্যমের ওপর নির্যাতনের ঘটনা বেড়েছে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে। আরএসএফের ২০১১-২০১২ সালের ‘প্রেস ফ্রিডম সূচক’ অনুযায়ী সংবাদমাধ্যমের স্বাধীনতার বিচারে বিশ্বের ১৭৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১২৯তম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরআরডি/জেকে/১২২৫ ঘ.