২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে হিস্টিরিয়া আক্রান্ত ১৭ মাদ্রাসা শিক্ষার্থী

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় এক মাদ্রাসার ১৭ শিক্ষার্থী গণ-হিস্টিরিয়ায় আক্রান্ত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2012, 05:12 PM

Updated : 24 Aug 2022, 11:34 AM

নোয়াখালী, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় এক মাদ্রাসার ১৭ শিক্ষার্থী গণ-হিস্টিরিয়ায় আক্রান্ত হয়েছে। সোমবার সকালে পৌর এলাকার রামপুরের ঈমাম বোখারী (রাঃ) দাখিল মাদ্রাসার এই শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। বিকালে তাদের নোয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নোয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ ডা. মুহাম্মদ মনির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এরা গণ-হিস্টিরিয়ায় আক্রান্ত হয়েছে। এখন তারা চিকিৎসাধীন এবং ভাল আছে। “এটি এক ধরনের মানসিক সমস্যা। একজনের দেখাদেখি আরেকজন এ সমস্যায় আক্রান্ত হয়,” বলেন তিনি। মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, শনিবার মাদ্রাসা চলাকালে ৫ম শ্রেণীর এক ছাত্রী হঠাৎ মাথা ঘুরে পড়ে গেলে মাদ্রাসা কর্তৃপক্ষ কয়েকজন ছাত্রীকে দিয়ে তাকে বাড়ি পাঠিয়ে দেয়। সোমবার সকালে মাদ্রাসায় এসে ১০টার দিকে ওই ছাত্রী আবার অসুস্থ হয়ে পড়ে। একইসঙ্গে ওইদিন সঙ্গে যাওয়া চার ছাত্রীও অসুস্থ হয়ে পড়ে। এরপর একে একে অন্যরাও অজ্ঞান হয়ে পড়ে যায়। খবর পেয়ে সানাইমুড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা আক্তার ও সোনাইমুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কয়েকজন চিকিৎসক মাদ্রাসায় যান। বিকালে ১৭ জনকে নোয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অসুস্থ ওই ছাত্রী জানায়, শনিবার মাদ্রাসায় ৩য় ঘন্টা চলাকালে হঠাৎ করেই তার মাথা ব্যাথা শুরু হয়। এরপর সে অজ্ঞান হয়ে পড়ে। সোমবারও একই অবস্থা হয়। মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. ইস্রাফিল মাহমুদ বলেন, সুমাইয়া আক্তার সুস্থ অবস্থায় সকালে মাদ্রাসায় এসেছিল। হঠাৎ সে অসুস্থ হয়ে পড়ে এবং পরপর অন্যরাও মাথা ঘুরে পড়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/২৩০৪ ঘ.