ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালত অবমাননার অভিযোগে দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে আবারো তলব করেছে হাই কোর্ট।
সোমবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের বেঞ্চ পত্রিকাটিতে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে স্বতঃপ্রণদিত হয়ে এ আদেশ দেন।
গত রোববার পত্রিকাটিতে প্রকাশিত ‘ব্রিটেনে বিচারপতি মানিকের একাধিক বাড়ি নিয়ে প্রশ্ন তুলেছে আইনজীবী ফোরাম’ শীর্ষক একটি প্রতিবেদন আদালতের নজরে এলে সোমবার পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদকসহ ২০ জনকে তলব করে হাই কোর্ট।
অন্যরা হলেন- জাতীয়তাবাদী লিগ্যাল এইড কমিটি যুক্তরাজ্য শাখার সভাপতি ব্যারিস্টার আনোয়ার হোসেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম যুক্তরাজ্য শাখার সভাপতি ব্যারিস্টার ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক ব্যারিস্টার তমিজ উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি ব্যারিস্টার তারিক বিন আজিজ, জাতীয়তাবাদী লিগ্যাল এইড কমিটি যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক সলিসিটার বিপ্লব পোদ্দার, যুগ্ম সম্পাদক ব্যারিস্টার আলিমুল হক লিটন, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার হামিদুল হক আফিন্দী লিটন, ব্যারিস্টার মহিউদ্দিন, ব্যারিস্টার আবু মোর্শেদ ইউসুফ, ব্যারিস্টার উসমান, অ্যাডভোকেট নাসরিন আক্তার, অ্যাডভোকেট নাসের খান অপু, অ্যাডভোকেট মঈন উদ্দিন, অ্যাডভোকেট মাহবুবুল হক, অ্যাডভোকেট আবুল বাশার, অ্যাডভোকেট হারুন, অ্যাডভোকেট ইফতেখার, সলিসিটার আবু তাহের ও সলিসিটার রফিক আহমদ।
আগামী ১৮ জুলাই আদালতে হাজির হয়ে তাদের বিরুদ্ধে কেন আদালত অবমাননার মামলা করা হবে না- এ বিষয়ে কারণ দর্শাতে হবে।
একই সঙ্গে পত্রিকা প্রতিবেদনে উল্লেখিত আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তাদের সনদ কেন ল’সোসাইটি, ইংলিশ বার ও বার কাউন্সিলে পাঠানো হবে না তা জানতে রুল জারি করেছে আদালত।
পত্রিকার প্রতিবেদনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও লিগ্যাল এইড কমিটি যুক্তরাজ্য শাখার এক সংবাদ সম্মেলনের বরাত দিয়ে বলা হয়, “বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের লন্ডনে চারটি বাড়ি রয়েছে। এর মধ্যে তিনটি কিনেছেন তিনি হাইকোর্টের বিচারপতি থাকা অবস্থায়।”
লিখিত বক্তব্যের বরাত দিয়ে পত্রিকাটি আরো জানায়, “বিচারপতি মিথ্যা তথ্যের ভিত্তিতে এবং জালিয়াতি মূলক উচ্চতর বেতন দেখিয়ে যুক্তরাজ্যে একটি বাড়ি ক্রয় করেন।”
এ প্রসঙ্গে বিচারপতি শামসুদ্দিন আদালতে বলেন, “সারা পৃথিবী জানে জজ হওয়ার বহু আগে থেকে লন্ডনে আমার বাড়ি আছে।”
এ সময় তিনি আদালতে উপস্থিত ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে বলেন, “আপনি তো জানেন যে জজ হওয়ার বহু আগে থেকেই লন্ডনে আমার বাড়ি আছে।”
জবাবে কাজল বলেন, “আপনার বাড়িতে যাওয়ার সুযোগ না হলেও আমি জানি অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, ব্যারিস্টার আব্দুর রশিদ আপনার বাড়িতে গিয়েছেন।”
এ সময় জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ বলেন, “মহামান্য আদালত এটা উদ্দেশ্য প্রণোদিত। আপনাকে রুল ইস্যু করতেই হবে। তা না হলে সবাই এটাকেই সত্য ধরে নেবে।”
আদালতে উপস্থিত আরেক জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রেজাউল করিমকে বিচারপতি শামসুদ্দিন বলেন, “আপনার তো সেখানে যাওয়ার সুযোগ হয়েছিলো। তখন কি আমি জজ ছিলাম।”
জবাবে রেজাউল বলেন, “আমার কয়েকবার যাওয়ার সুযোগ হয়েছিলো।”
বিচারপতি শামসুদ্দিন বলেন, “একজন প্রতিষ্ঠিত ব্যাক্তির নামে উদ্দেশ্যমূলক এ ধরনের সংবাদ ছাপানোর আগে পত্রিকাটির সম্পাদকের চিন্তা করা উচিত ছিলো।”
“আমি আমার জীবনের অধিকাংশ সময়ই লন্ডনে কাটিয়েছি। বিচারক হিসেবে চাকরি করার আগেও আমি সেখানে দীর্ঘদিন চাকরি করেছি। এখন যদি কেউ বলে জজ হওয়ার পরে তিনটি বাড়ি কিনেছি, তাহলে উচিত ছিলো বিষয়টি অন্তত যাচাই করে নেয়া। আমি যে আমলে লন্ডনে চাকরি করেছি সে আমলে অন্য যে কোন বাংলাদেশির চেয়ে আমার আয় অনেক বেশি ছিলো” যোগ করেন শামসুদ্দিন।
এ সময় কাজল বলেন, “আমাদের দেশে বাড়ি কিনতে যেরকম বিশাল বিনেয়োগ প্রয়োজন লন্ডনে সে রকম প্রযোজন হয় না। তবে বেশিরভাগ মানুষ তা জানে না বিধায় তারা মনে করে লন্ডনের মতো জায়গায় বাড়ি থাকাটা বিশাল একটা ব্যাপার।”
লন্ডনের সংবাদ সম্মেলনে উপস্থিত আনিজীবীদের বিরুদ্ধে যুক্তরাজ্যে মানহানির মামলা করবেন বলে জানান বিচারপতি শামসুদ্দিন।
গত রোববার একই বেঞ্চ ‘বিচারপতি শামসুদ্দিন মানিককে নিয়ে ‘স্পিকারের রুলিংয়ের ভাগ্য অনিশ্চিত’ শীর্ষক প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে মামমুদুর রহমানসহ এক প্রতিবেদককে আদালতে তলবের রুল জারি করে। তাদের ১২ জুলাই আদালতে জারি হতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এএল/২২০৬ ঘ.
bdnews24