২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কোস্টগার্ডের গুলিতে জেলে নিহতের তদন্ত দাবি

ঊপকূলরক্ষা বাহিনীর গুলিতে এক জেলে নিহতের বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2012, 03:58 PM

Updated : 24 Aug 2022, 11:34 AM

ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঊপকূলরক্ষা বাহিনীর গুলিতে এক জেলে নিহতের বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি। সোমবার রাজধানীর তোপখানা রোডে সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শিকদার বলেন, “কোস্টগার্ডের সদস্যরা বিনা কারণে বরিশালের কীর্ত্তনখোলা নদীতে গত ৬ জুন জেলে জুয়েল ফরাজীকে গুলি করে হত্যা করে।” ওই সময় গুলিতে কবির ও হান্নান নামের আরো দুই জেলে আহত হয় বলে জানান তিনি। তিনি বলেন, “জুয়েলকে হত্যার কারণ আমাদের কাছে স্পষ্ট নয়। তাই এ ঘটনার বিচার বিভাগীয় তদন্তের পাশাপাশি আহতদের চিকিৎসার ব্যয় সরবরাহের দাবি জানাচ্ছি।” দাবি পূরণ না হলে আগামী ২৫ অগাস্ট থেকে বরিশাল, চট্টগ্রাম ও খুলনা বিভাগের বিভিন্ন জেলার নৌপথ অবরোধ করা হবে হুমকি দেন তিনি। এছাড়া দাবি আদায়ে আগামী ৩০ জুলাই বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ ও সামবেশের ঘোষণা দেয় জেলে সমিতি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এএইচ/২১৫২ ঘ.