২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেতন না বাড়ানো পর্যন্ত কোচিংয়ে পড়ানোর দাবি

বেতনভাতা বাড়ানো না পর্যন্ত কোচিংয়ে শিক্ষার্থীদের পড়ানোর সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতির (বাশার-ছালাম) একাংশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2012, 12:27 PM

Updated : 24 Aug 2022, 11:34 AM

ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেতনভাতা বাড়ানো না পর্যন্ত কোচিংয়ে শিক্ষার্থীদের পড়ানোর সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতির (বাশার-ছালাম) একাংশ। সোমবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সমিতির সভাপতি আবুল বাশার। তিনি বলেন, “শিক্ষকদের বেতনভাতা বৃদ্ধি না করে প্রাইভেট কোচিং পড়ানো বন্ধ করার সিদ্ধান্তের প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।” “মান সম্মত বেতন না পাওয়ায় অনেকটা বাধ্য হয়ে কোচিং এ শিক্ষার্থীদের পড়াই। তবে অভিভাবকরাও তাদের সন্তানদের ভালো ফলাফলের জন্য আমাদেরকে কোচিংয়ে পড়ানোর অনুরোধ করেন।” তিনি বলেন, “সরকার আমাদের বেতন ভাতা বাড়িয়ে দিলে কোচিংয়ে পড়ানো বন্ধ করবো। অন্যথায় বন্ধ করার কোনো ইচ্ছা নেই।” কোচিংয়ের না পড়ানোর ব্যাপারে সরকারের সিদ্ধান্ত বাতিল করারও দাবি জানান বাশার। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সমিতির অতিরিক্ত মহাসচিব মো. আব্দুর রশিদ, ঢাকা মহানগরের সভাপতি আমিনুল ইসলাম প্রমুখ। গত ১৪ জুন সরকার স্কুল-কলেজ ও মাদ্রাসার কোনো শিক্ষক নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কোচিং ও প্রাইভেট পড়াতে পারবেন না বলে নীতিমালা চূড়ান্ত করে। ওই নীতিমালায় বলা হয়, তবে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে নির্দিষ্ট অংকের টাকা নিয়ে তারা শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরেই অতিরিক্ত ক্লাস নিতে পারবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/আরএ/১৮১৯ ঘ.