সিলেট, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের কোম্পানিগঞ্জের বরনী এলাকায় সেতু ভেঙে খালে পড়া আটটি যান উদ্ধার করা হয়েছে।
সোমবার দুপুরে ক্রেন দিয়ে খাল থেকে ছয়টি ট্রাক, একটি মাইক্রোবাস ও একটি অটোরিকশা উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কোম্পানিগঞ্জ থানার ওসি (তদন্ত) নন্দন কুমার ধর।
গত শুক্রবার রাতে সেতু ভেঙে পাথবোঝাই ছয়টি ট্রাক, একটি মাইক্রোবাস ও একটি অটোরিকশা খালে পড়ে যায়। ওই রাতে আব্দুল হক (৪০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। রোববার রাতে ট্রাক চালক মনির হোসেন ও তার সহকারী আনোয়ার মিয়ার লাশ উদ্ধার করে দমকল বাহিনী ও পুলিশ। এ ঘটনায় আহত হন ১০ জন।
সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সিলেটের নির্বাহী প্রকৌশলী আবদুল হালিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খালে স্রোত বেশি থাকায় বিধ্বস্ত সেতুটি না তুলে দুর্ঘটনার পরদিন থেকেই নতুন সেতু নির্মাণের কাজ শুরু হয়েছে।
সেতুর কাজ শেষে বুধবার বিকাল থেকে সিলেট-কোম্পানিগঞ্জ সড়কে যান চলাচল স্বাভাবিক হওয়ার আশা প্রকাশ করেন নির্বাহী প্রকৌশলী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২২৫০ ঘ.
bdnews24