খুলনা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাঁটাই হওয়াদের পুনর্বহালসহ ছয়টি দাবিতে আন্দোলনে নেমেছে খুলনার খালিশপুর জুট মিলের শ্রমিকরা।
সোমবার খুলনা প্রেসক্লাবে খালিশপুর জুট মিল শ্রমিক-কর্মচারী স্বার্থ সংরক্ষণ কমিটির সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন কমিটির সাধারণ সম্পাদক সরদার আলী আহম্মদ।
ছয় দফা দাবির মধ্যে আরো রয়েছে- ছাঁটাই করা বদলি শ্রমিক ও নতুন বদলি শ্রমিকদের জেষ্ঠ্যতার ভিত্তিতে অবশিষ্ট শূন্য পদে স্থায়ীকরণ, শ্রমিকদের ২০০৯ সালের জাতীয় মজুরী ও উৎপাদনশীলতা কমিশন প্রদান, দুই ঈদে দুটি উৎসব বোনাস প্রদান, বিজেএমসির আওতাধীন অন্যান্য পাট কলের শ্রমিকদের মতো সব ধরনের সুযোগ-সুবিধা প্রদান, খালিশপুর জুট মিলের আবাসিক এলাকার দুটি কলোনিতে থাকা কোয়ার্টারে শ্রমিকদের বসবাসের ব্যবস্থা এবং শ্রমিকদের চিকিৎসার ব্যবস্থা করা।
এ সব দাবি আদায়ে ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে- ১৯ জুন থেকে ২৪ জুন পর্যন্ত খুলনা অঞ্চলের সব ট্রেড ইউনিয়ন ও পেশাজীবী সংগঠনগুলোর সঙ্গে মতবিনিময় এবং ২৬ জুন খুলনা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/১৮০০ ঘ.
bdnews24